কাজে ধীরগতিতে অসন্তোষ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ যথাসময়ে শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সরেজমিনে পরিদর্শন শেষে সংসদীয় কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনে কাজের ধীরগতির চিত্র তুলে ধরে এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয় এবং তা সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, সড়ক ও সেতু মন্ত্রণালয় প্রকল্পের কাজে ধীরগতির জন্য বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করেছে। মন্ত্রী ওবায়দুল কাদের কমিটিকে বলেছেন, প্রকল্পের ১০টি প্যাকেজের মধ্যে সাতটির কাজ বিদেশিদের দেওয়া বাস্তবসম্মত হয়নি। বিদেশিদের কাজের গতি মন্থর। চুক্তির শর্ত অনুযায়ী বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কাজ করছে না।

সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেছেন, সিনোহাইড্রো রাজনৈতিক অস্থিরতার অজুহাত দেখিয়ে বিভিন্ন সময়ে কাজ বন্ধ রাখায় প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।

প্রতিবেদনে কমিটি বলেছে, দুই দফায় চুক্তির মেয়াদ বাড়ানো সত্ত্বেও প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক নয়। ৫০ থেকে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজের বাস্তবায়ন গতিও মন্থর। যে কারণে এ দফায়ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারবে না। বারবার মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্পের ব্যয় বেড়ে যাচ্ছে এবং সরকারের ওপর আর্থিক চাপ বাড়ছে।

জানতে চাইলে কমিটির সদস্য নাজমুল হক প্রধান প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কমিটিকে বলেছে, তারা মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারবে। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ, কমিটি সরেজমিনে দেখেছে, তাদের কাজের গতি সন্তোষজনক নয়। সে জন্যই কমিটি চুক্তির খেলাপ হলে শর্তানুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।

গত ২০ আগস্ট সংসদীয় কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর কমিটির সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০টি প্যাকেজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যাকেজ-৫-এ বাতিশা থেকে মহীপাল পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। মাটি ও কালভার্টের কাজ অনেক আগে শেষ করার কথা থাকলেও তা এখনো অসম্পূর্ণ। কাজ চলছে, এমন অবস্থা কোথাও দেখা যায়নি। এ কাজটি করছে সিনোহাইড্রো নামের একটি প্রতিষ্ঠান।

চট্টগ্রাম সিটি গেট থেকে কুমিরা পর্যন্ত প্যাকেজ-১০-এর ১৫ দশমিক ২৮৯ কিলোমিটারের সড়কে চলমান কোনো কাজ পরিলক্ষিত হয়নি। সিটি গেটসংলগ্ন সেতু ও কালভার্টের নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ধুমঘাট থেকে মিরসরাই বাজার পর্যন্ত ১৫ দশমিক ৬৬৭ কিলোমিটার (প্যাকেজ-৭) সড়কে মাটির কাজ, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ প্রায় শেষ হলেও কাজের গতি মন্থর। কুমিল্লা বাইপাসের শুরু থেকে শেষ পর্যন্ত ২১ কিলোমিটার (প্যাকেজ-৩) সড়কের কাজে কোনো অগ্রগতি দেখা যায়নি। কুটুম্বপুর থেকে কুমিল্লা বাইপাসের শুরু পর্যন্ত ২৩ কিলোমিটর (প্যাকেজ-২) সড়কে নির্মাণসামগ্রীর মজুত দেখা গেলেও ময়নামতি থেকে নিমসার বাজার পর্যন্ত অংশে কোনো কাজ পরিলক্ষিত হয়নি।

পিছিয়ে থাকলেও পাঁচটি প্যাকেজের কাজকে মোটামুটি সন্তোষজনক বলে উল্লেখ করেছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, রেজওয়ান আহম্মদ তোফিক, নাজমুল হক প্রধান, মনিরুল ইসলাম প্রমুখ অংশ নেন।