কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকেরা
পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। বুধবার রাতে সমঝোতা বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকেরা এ সিদ্ধান্ত নেন।
ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ সমঝোতা বৈঠকের আয়োজন করে। পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক শ্যামল কুমার বসাক, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার জন্য ক্ষমা চাইলে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, আলোচনা শেষে উভয় পক্ষ সমঝোতায় এসেছে। আর কোনো সমস্যা নেই।
গত রোববার দিবাগত রাত ১২টার দিকে পাবনা শহরের গোবিন্দা মহল্লার একজন বৃদ্ধা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হন। তাঁরা এ মৃত্যুর জন্য ইন্টার্ন চিকিৎসকদের দায়ী করে হামলা ও মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
এ নিয়ে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার প্রথম আলোতে তিনটি সংবাদ প্রকাশিত হয়।