কাজে ফিরেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা আজ বুধবার রাতে তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরেছেন।

এর আগে সন্ধ্যায় হাসপাতালে স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সলানের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা রোগ বিভাগের প্রধান মনিলাল আইচ লিটু প্রথম আলোকে বলেন, রাত আটটায় শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন। ফলে হাসপাতালের পরিবেশ স্বাভাবিক হয়ে এসেছে।  

সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত রোববার মিটফোর্ড হাসপাতালে একুশে টিভির কয়েকজন সাংবাদিক শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়। একুশে টেলিভিশন কর্তৃপক্ষ এ ঘটনায় একটি মামলা করে। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার দুপুর থেকে কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিৎসকেরা। এ ছাড়া একুশে টেলিভিশন কর্তৃপক্ষের করা মামলা মিথ্যা বলে দাবি করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।