কাজে যেতে ভয় দিনমজুরদের, দোকানপাট ক্রেতাশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে প্রচণ্ড দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। পেটের দায়ে খেটে খাওয়া কিছু মানুষ কাজে বের হলেও অধিকাংশই ঘরে বসে দিন পার করছেন। দিনের বেলা শহরের বিপণিবিতানগুলোও থাকে ক্রেতাশূন্য। হাত গুটিয়ে বসে থাকেন দোকানদারেরা।
রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আতিকুর রহমান বলেন, গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হলে এই দাবদাহ আরও বাড়তে পারে। এদিকে গত বছর এপ্রিল মাসের এই সময় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তা ছাড়া গত বছর এ সময় এই অঞ্চলে বৃষ্টিপাতও হয়েছিল। এবার এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, দাবদাহের কারণে দিনের বেলা গ্রামগঞ্জ ও শহরের রাস্তাগুলো ফাঁকা থাকে। মানুষের চলাচল কমে গেছে। শহরের রাস্তায় যানবাহনও কমে গেছে। একই সঙ্গে হাসপাতালে জরুরি বিভাগে শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে।
গতকাল শুক্রবার সকালে শ্রম বেচাকেনার হাটখ্যাত শহরের বেতপট্টি ও ধাপ শিমুলবাগ এলাকায় গিয়ে দেখা যায়, সাত-আটজন শ্রমিক বসে আছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, বিরূপ আবহাওয়ার কারণে বাড়ির বাইরে কাজে যেতে দিনমজুরেরা আগ্রহী নন। এর পরও পেটের তাগিদে অনেকেই বাধ্য হয়ে কাজের সন্ধানে ছুটছেন। এদিকে শহরের বাসা-বাড়িতে তেমন একটা কাজ জুটছে না বলে জানান তাঁরা।
বেলা ১১টার দিকে ধাপ শিমুলবাগ এলাকায় ইউনুস আলী নামের এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। কথা বলে জানা যায়, কাজের সন্ধানে এসেও প্রচণ্ড গরমের কারণে ভয়ে তিনি কাজে যাননি। তিনি বলেন, ‘গেল সোমবার কামে গেলেও এক ঘণ্টাও কাম কইরবার পারি নাই। কিন্তু কাম না করলে খামো কী, এই চিন্তা করিয়া কামোত যাওয়া লাগবে। কিন্তু এই গরোমোত শরীর কুলায় না বলিয়া বসি আছি।’
গত বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের কয়েকটি বিপণিবিতান ঘুরে অনেকটা ক্রেতাশূন্য দেখা গেল। জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী হারুন-অর-রশিদ বলেন, দুপুর গড়িয়ে বিকেল হলো। কিন্তু একটি জিনিসও বিক্রি হলো না। ক্রেতা না থাকায় কয়েক দিন ধরে এ অবস্থা চলে আসছে।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দাবদাহে শিশুদের নানা রোগ বেড়ে গেছে। মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসান জানান, প্রতিদিন গড়ে ৫০টি শিশু হাসপাতালে আসছে। তারা সবাই ঘন ঘন বমি করছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জেড এ সিদ্দিকী শিশুদের বেশি পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এতে ভয়ের কোনো কারণ নেই।