কাজে যোগ দিলেন নির্মাণশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন তৃতীয় ইউনিটের নির্মাণশ্রমিকেরা ধর্মঘট স্থগিত করেছেন। গতকাল শনিবার দুপুরে আবার তাঁরা কাজে যোগ দেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে গত বৃহস্পতিবার তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, তাঁদের দাবি নিয়ে গতকাল সকালে পুলিশ, ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক হয়েছে। দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শ্রমিকদের সঙ্গে সমঝোতা আলোচনায় অংশ নেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, বড়পুকুরিয়া ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উপপরির্দশক (এসআই) ফেরদৌস আহম্মেদ, তাপবিদ্যুৎকেন্দ্রে স্থানীয় জনবল সরবরাহকারী জহির ট্রেডার্সের স্বত্বাধিকারী জহির রায়হান, আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী আরাফাত হোসেন, শ্রমিকনেতা আইয়ুব আলী, রবিউল ইসলাম প্রমুখ।
তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের প্রকল্প পরিচালক চৌধুরী মো. নুরুজ্জামান বলেন, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনবল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। দুপুর থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন তৃতীয় ইউনিটে নিয়োজিত বাংলাদেশি ১ হাজার ২০০ শ্রমিক বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ ৬ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন।