কাজে যোগ দিলেন সেই পুলিশ সুপার
চাঁদাবাজির মামলায় জামিন পেয়ে গত মঙ্গলবার নিজ কার্যালয়ে যোগ দিয়েছেন সৈয়দপুরের রেলওয়ে জেলা পুলিশ (জিআরপি) সুপার মোস্তফা কামাল৷
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মোস্তফা কামালের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য একটি ধারায় তাঁকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়৷ এ অর্থ অনাদায়ে আরও এক বছরের সাজা দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত৷ ওই আদালতের বিচারক মো. মোতাহার হোসেন রায় ঘোষণা করেন৷ রায়ের পর মোস্তফা কামালকে কারাগারে পাঠানো হয়৷
সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমেদ ২০০৩ সালের ২০ নভেম্বর মোস্তফা কামাল ও উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ মিয়ার বিরুদ্ধে ওই মামলা করেন৷ মোস্তফা কামাল ওই সময় হবিগঞ্জের এএসপি হিসেবে দায়িত পালন করছিলেন৷ মামলায় অভিযোগ করা হয়, ২০০২ সালের ২২ ডিসেম্বর বাদী নিজ গাড়িতে ২০ লাখ টাকা নিয়ে সিলেট যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হাতে আটক হন৷
মোস্তফা কামালের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি পরে কথা হবে৷’ গত ২০ ডিসেম্বর প্রথম অালোয় ‘রেল পুলিশ সুপার মোস্তফার যাবজ্জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷