কাজে যোগ দিলেন মধ্যপাড়া শিলা খনির শ্রমিকেরা
স্থায়ী নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির ২৯২ জন শ্রমিক টানা পাঁচ দিন ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি শেষে গতকাল বুধবার বিকেল তিনটায় কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, এক বছরের মধ্যে শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ অন্য দাবিগুলো পূরণের বিষয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক চেষ্টা করবেন বলে আশ্বস্ত করায় তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু এ বিষয়ে খনির এমডি মো. ফারুক বলেন, ‘শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ অন্য বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমাদের নেই। শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে পরে সরকার এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে। তাঁদের আন্দোলন ভুল ছিল এটি বুঝতে পেরে শ্রমিকেরা কাজে ফিরে এসেছেন।’গতকাল দুপুর সোয়া একটায় শ্রমিক সমস্যা নিরসনে এমডির দপ্তরে নয় সদস্যের শ্রমিক প্রতিনিধির সঙ্গে খনি কর্তৃপক্ষের এক বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন খনির ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক, মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) আবুল বাসার এবং শ্রমিক প্রতিনিধিদলের মোমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, আনোয়ারুল, মোজাহিদুল, খায়রুল, আনিছুর, বেলাল হোসেন ও মোক্তারুল ইসলাম।