তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার ও অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলের পালায় কাজে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
কর্তব্যরত চিকিৎসকের ওপর মৃত ব্যক্তির স্বজনদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছিলেন। গতকাল সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাসুম হাবিব, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে হাসপাতালের পরিচালক জানান, পুলিশ আশ্বাস দিয়েছে, আগামী তিন দিনের মধ্যে তারা আসামি গ্রেপ্তারে যথাসাধ্য চেষ্টা করবে। তবে ইন্টার্ন চিকিৎসকেরা বলেছেন, সাময়িকভাবে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করছেন। তিন দিনের মধ্যে যদি আসামি গ্রেপ্তার করা না হয়, তা হলে তাঁরা ফের আন্দোলনে যাবেন।
শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নগরের টিকাপাড়া এলাকার মোশাররফ হোসেন খান (৬০) নামের এক রোগী মারা যান। এরপর রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসক সুব্রত কুমার দাস, ইন্টার্ন চিকিৎসক আরিফ ও নার্সদের মারধর করেন। প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা আন্দোলনে যান। এদিকে শনিবার বিকেলে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে মৃত মোশাররফ হোসেনের ছেলে, ভাতিজা, ভাগনেসহ নয়জনকে আসামি করা হয়েছে।