পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ১৮০ জন শিক্ষানবিশ চিকিৎ সক গতকাল শনিবারও কাজে যোগ দেননি। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রতিবাদ সভা করে কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি জানিয়েছেন।
গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগ পুরোপুরি চালু হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ও চিকিৎ সকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী কাজ করছেন। শুধু শিক্ষানবিশ চিকিৎ সকেরা কাজে যোগ দেননি। পাঁচ দিন পর গতকাল তাঁদের কাজে যোগ দেওয়ার কথা ছিল।
মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ও শিক্ষানবিশ চিকিৎ সক শোয়াইবুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন, শিক্ষানবিশ চিকিৎ সকেরা কাজে যোগদান করতে গিয়েছিলেন। হাসপাতাল এলাকায় গিয়ে দেখেন, কর্মচারীদের ছবিসহ পোস্টার সাঁটা হয়েছে। চিকিৎ সকেরা পোস্টার অপসারণের দাবি করেছেন। আজ রোববার তাঁরা কাজে যোগ দেবেন।
হাসপাতালের উপপরিচালক ডা. মো. আবু ইউসুফ প্রথম আলোকে জানিয়েছেন, শনিবার বিকেলে শিক্ষানবিশ চিকিৎ সক, কর্মচারী নেতাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সভা হয়েছে। সভায় শিক্ষানবিশ চিকিৎ সকেরা কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সভায় প্রধানমন্ত্রীর দপ্তরের স্বাস্থ্যবিষয়ক পরিচালক জুলফিকার আলী উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ সমস্যা এক দিনে তৈরি হয়নি। চাপা ক্ষোভ কেউ উসকে দিয়েছে। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে আসা মো. সেলিম (৪০) বলেন, ‘আমার চোখে সমস্যা দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার চিকিৎ সার জন্য হাসপাতালে এসে বন্ধ দেখি। আজ (গতকাল) আবার এসেছি চোখের চিকিৎ সা করাতে।’
হাসপাতালের পুষ্টিবিদ নাজনীন আক্তার জানান, হাসপাতালে চিকিৎ সাধীন ২৮১ জন রোগীকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে।
গতকালের দুপুরের সভায় কর্মচারীরা সাত দফা দাবি জানান। এর মধ্যে আছে: দোষী ছাত্র ও শিক্ষানবিশ চিকিৎ সকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের, দোষী ছাত্র ও শিক্ষানবিশ চিকিৎ সকদের শাস্তির ব্যবস্থা, হামলার শিকার কর্মচারীদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ, তদন্ত কমিটিতে দুজন কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
গত সোমবার হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রোগীর রক্ত পরীক্ষা নিয়ে শিক্ষানবিশ চিকিৎ সক ও মেডিকেল কলেজের ছাত্রদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরোধ হয়।
সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর দুই পক্ষের মধ্যে মারধর ও ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে চিকিৎ সাসেবা প্রায় বন্ধ হয়ে যায়।
দায়ী কর্মচারীদের শাস্তির দাবিতে শিক্ষানবিশ চিকিৎ সকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দেন। কর্তৃপক্ষ কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের হোস্টেল ছাড়তে নির্দেশ দেয়।