কাজে লেগেছে মুম্বাই থেকে আনা 'বোম্বে' রক্ত
রাজধানীর অ্যাপোলো হাসপাতালের অপারেশন থিয়েটারের কিছু দূরে ম্লান মুখে দাঁড়িয়ে ছিলেন অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া মোহাম্মদ কামরুজ্জামানের দুই ভাই। অপারেশন থিয়েটারের সামনে মুঠোফোনে নিচু গলায় কথা বলছিলেন শেখ তুহিনুর আলম। বেলা দুইটার কিছু আগে অপারেশন থিয়েটারে ঢুকলেন চিকিৎসক ও এফ জি কিবরিয়া। পৌনে পাঁচটায় অস্ত্রোপচার শেষে চিকিৎসক বললেন, ‘অপারেশন ভালো হয়েছে। রক্ত লেগেছে এক ব্যাগ।’
এই রক্তের জন্যই কামরুজ্জামানের অস্ত্রোপচার এক মাস থেমে ছিল। গত ২১ মে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁকে প্রথমে টঙ্গীর একটি হাসপাতালে এবং পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দেখতে পান, বাঁ হাত, বাঁ পা ও কোমর ভেঙে গেছে। অস্ত্রোপচারের প্রস্তুতির সময় বিপত্তি বাধে রক্তের গ্রুপ নিয়ে। একপর্যায়ে জানা যায়, কামরুজ্জামানের রক্তের গ্রুপ ‘ওএইচ পজিটিভ’। চিকিৎসক সমাজে এটি ‘বোম্বে’ গ্রুপের রক্ত নামে পরিচিত। বিরল এই রক্ত বাংলাদেশে পাওয়া যায়নি।
কামরুজ্জামান আরিনোবা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা। ওই প্রতিষ্ঠানেরই পরিচালক শেখ তুহিনুর আলম। গতকাল সোমবার অ্যাপোলো হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান খুব বড় না। ছেলেটি (কামরুজ্জামান) নতুন চাকরিতে ঢুকেছে (বেতন ২০ হাজার টাকার কম)। আমাদের মালিক, আমরা ওর পাশে দাঁড়িয়েছি।’
বোম্বে গ্রুপের রক্ত খুঁজে বের করার ঝক্কি প্রায় পুরোটাই সামলেছেন শেখ তুহিনুর আলম। বললেন, ‘ভারতের মুম্বাইয়ের থিঙ্ক ফাউন্ডেশন, তার কর্ণধার বিনয় শেঠি গভীর আন্তরিকতার সঙ্গে আমাদের সহায়তা করেছেন। তাঁরা শুধু এই বিরল গ্রুপের রক্তই সংগ্রহ করে দেননি, রক্ত নিরাপদে রাখা, এ দেশে নিয়ে আসা—সব ব্যাপারেই সহায়তা করেছেন। শুধু চেয়েছেন রক্ত যেন কাজে লাগে, জীবন বাঁচে।’
রক্ত কাজে লেগেছে। শেখ তুহিনুর মুম্বাই থেকে বিমানে করে রক্ত নিয়ে দেশে ফেরেন ১৮ জুন দুপুরে। ওই দিনই এক ব্যাগ রক্ত কামরুজ্জামানকে দেওয়া হয়। গতকাল অস্ত্রোপচারের সময় এক ব্যাগ রক্ত লেগেছে। মুম্বাইয়ের চার নাগরিক কামরুজ্জামানের জীবন বাঁচাতে চার ব্যাগ রক্ত দান করেন। ওই রক্তের গ্রুপের ৪০০ জনের একটি তালিকা আছে থিঙ্ক ফাউন্ডেশনের কাছে।
গতকাল রাত আটটায় কামরুজ্জামানের ভাই মাসুদ আলম হাসপাতাল থেকে এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘আর এক ব্যাগ রক্ত চলতেছে। হাতে আছে এক ব্যাগ।’ তিনি বলেন, ভাইয়ের প্রতিষ্ঠান পাশে না দাঁড়ালে মুম্বাইয়ের ওই মানুষগুলোর কাছ থেকে রক্ত আনা সম্ভব হতো না।
রাতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম আলোকে বলেছে, অস্ত্রোপচার খুবই ভালো হয়েছে। পুরো রক্তই তাঁকে ধীরে ধীরে দেওয়া হবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে কামরুজ্জামান সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।