কাজে শম্বুকগতি, চলছে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৩৫ কোটি টাকার ভাঙন প্রতিরোধ প্রকল্পের তিন বছরের কাজ পাঁচ বছরেও শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এই কাজের চার ভাগের তিন ভাগ শেষ না হতেই প্রকল্প এলাকার আধা কিলোমিটারে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত কাজ শেষ না করলে বর্ষাকালে হাসিলকান্দি গ্রাম এলাকায় ব্যাপক ভাঙন শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গাইবান্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীটি উত্তর-দক্ষিণে প্রবাহিত। এই নদীর পশ্চিম তীরে সাঘাটা সদর ইউনিয়নের সাঘাটা বাজার, সাঘাটা থানা ভবন, সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সিরহাট, ইটাকুড়ি, হাসিলকান্দি, সাঘাটা, ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রাম। প্রতিবছর নদীভাঙনে এসব গ্রামের শত শত ঘরবাড়ি বিলীন হতো। এই বাস্তবতায় সাঘাটা বাজার, সাঘাটা থানা ভবনসহ ওই সব গ্রাম রক্ষায় ২০১০-২০১১ অর্থবছরে ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় উত্তরে মুন্সিরহাট থেকে দক্ষিণে চিনিরপটল পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার এলাকায় সিসি ব্লক এবং জিও টেক্সটাইল ব্যাগ ফেলে নদীর তীর সংরক্ষণ করার কথা।
পাউবোর গাইবান্ধা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, প্রকল্পের কাজ করার জন্য ২০১০ সালের ২১ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ১৩৫ কোটি টাকা। মোট ১৩ জন ঠিকাদার এই প্রকল্পের কাজ পান। ওই সালের জুলাই মাসে কাজ শুরু হয়। ২০১৩ সালের ১৩ জুন কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু ওই সময়ে কাজ শেষ করা যায়নি। চলতি বছরের ২৪ মে পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৭০ শতাংশ।
এ বিষয়ে পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, ‘যথাসময়ে অর্থ বরাদ্দ না পাওয়ায় এবং প্রকল্প সংশোধন হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। ২৪ মে পর্যন্ত ৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ বছর আরও ২০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। ২০১৬ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।’
২৫ মে সাঘাটার হাসিলকান্দি গ্রামে গিয়ে দেখা গেছে, হাসিলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই নদীর তীরে সিসি ব্লক স্থাপন করা হচ্ছে। শ্রমিকেরা নৌকা থেকে বালু নামিয়ে নিচ্ছেন। কেউ কেউ জিও টেক্সটাইল ব্যাগে বালু ভর্তি করছেন। ওই বিদ্যালয় থেকে ৪০ ফুট দূরে পূর্ব পাশেই হাসিলকান্দি গ্রামের প্রায় আধা কিলোমিটার অংশে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। দৈনিক গড়ে অন্তত তিন ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
হাসিলকান্দি গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, ‘নদীর তীরেই আমার বাড়ি। সময়মতো কাজ শেষ না হওয়ায় এখানে ভাঙন দেখা দিয়েছে।
একই গ্রামের কৃষক ইমান আলী বললেন, কাজ শুরুর আগে প্রতিবছরই অসংখ্য ঘরবাড়ি, আবাদি জমি ও গাছপালা বিলীন হয়েছে। কিন্তু সিসি ব্লক স্থাপনের পর এখন আর ভাঙছে না। তবে এবার বর্ষা শুরু না হতেই ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন ক্রমেই নদীতীরের দিকে এগিয়ে আসছে। গত দুই সপ্তাহে প্রায় তিন বিঘা জমি বিলীন হয়েছে।
হাসিলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, এখনই ভাঙন রোধ করা না হলে বিদ্যালয়টি হুমকির মুখে পড়বে।
হাসিলকান্দি অংশের কাজ করছেন ঢাকার ঠিকাদার তাজুল ইসলাম। কাজ বিলম্বের কারণে ভাঙছে কি না জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ভাঙনে প্রকল্প এলাকার কোনো ক্ষতি হবে না। তার আগেই জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে। কাজের বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজে বিলম্ব হয়। এ ছাড়া সিসি ব্লক তৈরি এবং জিও টেক্সটাইল ব্যাগে বালু ভর্তির পর সেগুলো ঢাকা থেকে পাউবোর টাস্কফোর্স কমিটির সদস্যরা এসে পরীক্ষা করেন। তারপর তাঁরা অনুমতি দিলে নদীর তীরে সেগুলো স্থাপন করা হয়। কিন্তু কমিটির সদস্যরা দেরিতে আসার কারণে কাজও দেরি হয়।