কাজেম আলী স্কুলের ১৩০ বছর পূর্তির বর্ণাঢ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সম্মিলনে চট্টগ্রামের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান কাজেম আলী স্কুলের ১৩০ বছর পূর্তির বর্ণাঢ্য উৎসব উদ্যাপিত হলো গত শনিবার। পুরোনো সতীর্থদের কাছে উল্লসিত হয়েছেন অনেকেই। স্মৃতির সোপান বেয়ে ফিরে গেছেন সোনালী শৈশবে।
উৎসবের দিন সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বের হয় ঘোড়ার গাড়ি ও সাইকেল নিয়ে দীর্ঘ শোভাযাত্রা। এতে অংশ নেন হাজারো শিক্ষার্থী। তাঁরা জামালখান, আন্দরকিল্লা হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। দিনব্যাপী এই আনন্দ আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও চট্টগ্রাম ৯ আসনের সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক এয়াকুব হোসেন, জাপা প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুকসহ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
শোভাযাত্রার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ১৩০ বছর পূর্তি উৎসবের আহ্বায়ক আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে উৎসব সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১৩০ বছরে এই প্রতিষ্ঠান জন্ম দিয়েছে অনেক রত্ন-জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব। যঁারা দেশের নানা প্রান্তে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখছেন। দীর্ঘ সময় পরে এ প্রতিষ্ঠান স্কুল থেকে কলেজে রূপান্তর হয়েছে। সেই গৌরবের ধারায় ভবিষ্যতে এ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।
অন্যদের মধ্যে ­বক্তব্য দেন সৈয়দ উমর ফারুক, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, জাপা দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার, কাউন্সিলর আনজুমান আরা বেগম প্রমুখ।
উৎসবে প্রাক্তন ছাত্র হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ আতহার, চিত্রশিল্পী সবিহ্ উল আলম, মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ নিযাম উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান (মরণোত্তর), সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, ডা. মোহাম্মদ আবু ইউছুপ চৌধুরী, অতিরিক্ত উপ-কমিশনার মনজুর মোর্শেদকে ক্রেস্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা। বিজ্ঞপ্তি।