কাজের অগ্রগতি জানতে সচিবদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের অগ্রগতি জানতে আজ রোববার সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ করার নির্দেশ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।আজ রোববার দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগেও সচিবদের সঙ্গে কয়েকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।আজকের বৈঠকে সচিবদের কাজের গতি বাড়ানো, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পাশাপাশি সরকারি সিদ্ধান্ত ও নীতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দ্রুত বাস্তবায়নের তাগিদ দেবেন প্রধানমন্ত্রী।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি দমন, বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও সার বিতরণ নিয়েও আলোচনা হওয়ার কথা।সরকারি কর্মকর্তাদের চাকরির বয়স বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হতে পারে বলে একজন সচিব জানান। তিনি আরও বলেন, ঠিক কী করলে আদালত অবমাননা ধরা হবে, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চাওয়া হবে।খাদ্যসচিব বরুণ দেব মিত্র, গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, বিমানসচিব শফিক আলম ও ভূমিসচিব আতাহারুল ইসলাম পৃথকভাবে প্রথম আলোকে জানান, তাঁরা খাদ্য পরিস্থিতি, মন্ত্রণালয়ের অগ্রাধিকার ও কাজের সমন্বয় করা, ভূমি জালিয়াতি, খাস জমি দখল ইত্যাদি বিষয় উত্থাপন করবেন।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে যা জানতে চাইবেন, তা তাঁকে অবহিত করা হবে।