কাজের অনুমতিপত্র বন্ধ রেখেছে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় দেশটিতে কাজে যোগ দেওয়ার অনুমতিপত্র (এমপ্লয়মেন্ট পাস) দেওয়া বন্ধ রয়েছে। মালয়েশিয়া ভিএলএন বাংলাদেশ লিমিটেড ২১ ফেব্রুয়ারি এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মীরা মালয়েশিয়ায় কাজে যোগ দিতে এমপ্লয়মেন্ট পাসের মাধ্যমে সে দেশের ভিসা পান। বাংলাদেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ায় ভিসা প্রক্রিয়ার কাজটি করে ভিএলএন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করার পর বিভিন্ন দেশের জন্য এমপ্লয়মেন্ট পাস দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। দেশটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এ সিদ্ধান্তের বিষয়টি এখনো জানায়নি।
সাধারণত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ার নির্ধারিত কোনো প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে ঢাকায় দেশটির হাইকমিশনে গিয়ে এমপ্লয়মেন্ট পাসের জন্য আবেদন করেন একজন চাকরিপ্রার্থী। কিন্তু দেশটির সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে এখন থেকে এমপ্লয়মেন্ট পাস ছাড়া ভিডিআরের মাধ্যমে অন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিডিআরের আওতায় চাকরিপ্রার্থী ছাড়াও পরিবারের উপার্জনক্ষম সদস্যের ওপর নির্ভরশীল ব্যক্তি, অস্থায়ী কর্মসংস্থান, শিক্ষার্থী ও পেশাজীবীরা মালয়েশিয়ায় যেতে ভিসার আবেদন করে থাকেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে আপাতত বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রাখা হয়েছে। অর্থনৈতিক মন্দা, প্রয়োজনের অতিরিক্ত বিদেশি শ্রমিকের উপস্থিতির কারণে স্থানীয় শ্রমবাজারে ভারসাম্যহীনতা এবং এ নিয়ে দেশটির ব্যবসায়ী সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর বিরোধিতায় সরকার আপাতত বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে। এ বিষয়টির সুরাহা হওয়ার পর পুনরায় বিদেশি শ্রমিকদের জন্য ভিসা উন্মুক্ত হবে।
১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্ত জানান। এর আগের দিন ১৮ ফেব্রুয়ারি ঢাকায় প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন।
রিচার্ড রায়ত জায়েমকে উদ্ধৃত করে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা ২০ ফেব্রুয়ারি বলেছে, বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদির ঘোষণার কারণে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকে কোনো প্রভাব পড়বে না।