কাজের অভাবে শ্যামনগর ছাড়ছে মানুষ
কাজের অভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কয়েকটি এলাকা ছেড়ে মানুষ অন্যত্র চলে যাচ্ছে। আইলার পর থেকে উপজেলায় কর্মসংস্থানের সুযোগ দিন দিন সংকুচিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বিজি কলেজের অধ্যক্ষ এম এম আবুল কাশেম জানান, ২০০৯ সালের ২৫ মে আইলার পর পরই সরকারি ও বেসরকারি ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কোনোমতে বেঁচে ছিলেন। আইলার পর উপজেলার কয়েকটি এলাকায় চিংড়ির চাষ হলেও সেখানে কাজের সুযোগ খুবই কম। এসব এলাকার অনেক ব্যক্তি সুন্দরবনে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিডরের পর থেকে সুন্দরবনে গরান কাঠ কাটা বন্ধ। চিংড়ির পোনা আহরণও নিষিদ্ধ। বর্তমানে বনদস্যুদের নির্যাতনের ভয়ে মানুষ সুন্দরবনে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছে না। ফলে গোটা এলাকায় চলছে কর্মসংস্থানের তীব্র সংকট। বেঁচে থাকার জন্য মানুষ পাড়ি জমাচ্ছে দেশের বিভিন্ন এলাকা, এমনকি প্রতিবেশী দেশ ভারতেও।মুঠোফোনে ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট মহকুমার সোলাদানা জ্যোতি ইটভাটার মালিক নীলমণি কুণ্ডু ও গঙ্গা ইটভাটার মালিক অজিত দাস জানান, বশিরহাট মহকুমায় প্রায় ৪০০ ইটভাটা রয়েছে। এসব ভাটার অধিকাংশ শ্রমিকই বাংলাদেশি। প্রতিটি ভাটায় ১৫০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁরা দিনে মজুরি পান ২০০ থেকে ২৫০ রুপি। অথচ ভারতীয় শ্রমিকদের মজুরি দিতে হয় ৩৫০ থেকে ৪০০ রুপি। অপেক্ষাকৃত কম টাকায় বাংলাদেশি শ্রমিক পাওয়া যায় বলে ভাটার মালিকেরা তাঁদের দিয়ে কাজ করান। তাঁরা আরও জানান, শুধু ইটভাটায় নয়, অন্যান্য কাজেও সস্তায় শ্রমিক পাওয়া যায় বলে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনা জেলাজুড়ে এখন বাংলাদেশি শ্রমিকের আধিক্য। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের বৃদ্ধ হামিজ উদ্দীন মোল্যা জানান, তাঁর দুই ছেলে ও এক ভাই মাস তিনেক আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে রাঙামাটিতে চলে গেছেন। হামিজ উদ্দীনের প্রতিবেশী ডোবার আলী সরদার ও বাছতুল্লাহ গাজীসহ অনেকে জানান, এলাকায় কাজ না থাকায় এন্তাজ গাজী, সফিকুল ইসলাম ও হজরত আলীসহ শতাধিক লোক পরিবার নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে গেছে।সুন্দরবন বাজারের ব্যবসায়ী নাজমুল হোসেন ও ভাড়ায় মোটরসাইকেলের চালক নুর হোসেন জানান, উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার মিজানুর রহমান, শম্ভু মণ্ডল, তারক, শৈলেন্দ্র গাইন, বিশ্বনাথ গাইন, রশিদ মোল্যাসহ অনেকে কাজের সন্ধানে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে চলে গেছেন। অনেকে সীমান্ত পার হয়ে ভারতের টাঁকি, হাসনাবাদ, ইটেন্ডিয়া হিঙ্গলগঞ্জসহ বিভিন্ন স্থানে ইটভাটায় কাজ করছেন।পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, ফসল উৎপাদন না হওয়ায় কৃষি জমির ওপর নির্ভরশীল মানুষ কর্মসংস্থানের সংকটে পড়েছে। জলদস্যুদের উপদ্রব বেড়ে যাওয়া ও সুন্দরবন-সংলগ্ন নদ-নদীতে মাছের আকাল দেখা দেওয়ায় মানুষ পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের আহ্বায়ক আশেক-ই এলাহি জানান, গোটা এলাকায় কর্মসংস্থানের তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে আইলার পর থেকে এলাকা ছেড়ে যাওয়া পরিবারের সংখ্যা অন্তত ২০ হাজার বলে তিনি জানান। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খান জানান, অতিদরিদ্রদের জন্য বর্তমানে কর্মসংস্থান কর্মসূচি চালু রয়েছে। মানুষ কর্মসংস্থানের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া স্বাভাবিক।