কাজের উদ্দেশ্যে নেপাল হয়ে অন্য দেশে যাওয়া নিষিদ্ধ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের উদ্দেশ্যে বাংলাদেশি নাগরিকদের নেপাল হয়ে অন্য দেশে যাওয়া বন্ধে অভিবাসন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল বুধবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জানতে চাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি আমাদের কাছে তথ্য এসেছে, কাজের উদ্দেশ্যে অনেক বাংলাদেশি নাগরিককে নেপাল হয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এতে অনেকে প্রতারিত হওয়ায় সরকার এ ব্যবস্থা নিল।’সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, দালাল চক্র সম্প্রতি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর জন্য কাঠমান্ডু বিমানবন্দর ব্যবহার করছে। একশ্রেণীর দালাল নেপাল থেকে বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু কাঠমান্ডু বা ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের বিদেশে চাকরিতে যাওয়ার কোনো সুযোগ নেই।