কাজের দাবিতে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের নিবন্ধিত মৌসুমি শ্রমিকেরা কাজের দাবিতে গত বুধবার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ মৌসুমি শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়।
কাজবঞ্চিত শ্রমিক নতুন বন্দর গ্রামের আনোয়ার হোসেন (২৩) বলেন, ‘আমাদের মৌসুমি শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কাজ দিচ্ছে না। এ জন্য আমরা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে অবরুদ্ধ করেছি।’ মধ্যপাড়া গ্রামের জাহানারা বেগম (৩০) বলেন, ‘মৌসুমি শ্রমিক হিসেবে নিয়োগ পেয়েও কাজ পাচ্ছি না। সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারি না। কাজের জন্য কিছু শ্রমিকনেতা ঘুষ চান।’
শ্রমিক সূত্র জানায়, প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে কাজ করেন এমন ১৪০ জন শ্রমিক মৌসুমি শ্রমিক হিসেবে নিয়োগের জন্য মহাপরিচালক বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত মৌসুম থেকে ১৪০ জনকেই ‘কাজ নেই, মজুরি নেই’ শর্তে মৌসুমি শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু অনিয়মিত কিছু শ্রমিক ও কয়েকজন কর্মকর্তার যোগসাজশে গত মৌসুমে মাত্র ৬০ জন মৌসুমি শ্রমিককে কাজ দেওয়া হয়।
মৌসুমি শ্রমিকেরা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে গত ২৭ অক্টোবর কেন্দ্রের খামারে আলু রোপণ শুরু হয়েছে। কেন্দ্রের খামারে শ্রমিকের চাহিদা থাকা সত্ত্বেও বঞ্চিত শ্রমিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। নিবন্ধিত ১৪০ জন মৌসুমি শ্রমিকের মধ্যে মাত্র ৬০ জনকে কাজের সুযোগ দেওয়া হয়। বাকি ৮০ জনকে কাজ করতে দেওয়া হচ্ছে না।
প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবিদ হোসেন বলেন, মৌসুমি শ্রমিক ছাড়াও কেন্দ্রে ১২৮ জন অনিয়মিত শ্রমিক আছেন। অনিয়মিত শ্রমিকেরা বছরে পাঁচ মাস কাজ করেন। মৌসুমি শ্রমিকদের কাজ দিলে অনিয়মিত শ্রমিকেরা বাধা দেন এবং টানা ছয় মাসের কাজ দাবি করেন। এত শ্রমিকের কাজ খামারে নেই। তাই মৌসুমি শ্রমিকদের কাজ বন্ধ করে দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ সমস্যার সমাধান না হলে কেন্দ্রে বীজ আলু উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক (অনিয়মিত শ্রমিক) ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ২০-২২ বছর ধরে কাজ করছি। আমাদের নিয়মিত করার দাবি জানাচ্ছি। নিয়মিত না করলেও আমাদের অন্তত আট মাস কাজ করতে দেওয়া হোক। এ জন্য আমরা মৌসুমি শ্রমিকদের কাজ দেওয়ার ব্যাপারে বাধা দিচ্ছি।’ তিনি দাবি করেন, এই খামারে কাজের অনেক সুযোগ আছে। কিন্তু কর্তৃপক্ষ সেই সুযোগ সৃষ্টি করছে না।
প্রজনন বীজ কেন্দ্র সূত্র জানায়, ১৯৫৮ সালে মৃত্তিকা সংরক্ষণ প্রকল্পের নামে ৫২০ একর জমি অধিগ্রহণের মাধ্যমে এ কেন্দ্র চালু হয়। ১৯৭৬ সালে কেন্দ্রটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮১ সাল থেকে এখানে বীজ আলু উৎপাদন শুরু হয়। চলতি মৌসুমে দেড় শ একর জমিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।