কাজের পরিবেশ উন্নত করতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কাজের পরিবেশ উন্নয়নে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কী ধরনের ভূমিকা নেওয়া যায়, তা নিয়ে দেশটি তাদের কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা গত বুধবার এসব কথা জানিয়েছেন। খবর ইউএনবির।সাভারে ধসে পড়া রানা প্লাজায় ব্যবসা পরিচালনাকারী পোশাক কারখানাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক কোম্পানির সংযোগ রয়েছে বলে খবর বের হয়। এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কাজের পরিবেশ উন্নত করতে সহায়তার কথা জানাল।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল গত বুধবার ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ের সময় বলেন, ‘কর্মীদের অধিকার এবং নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করার ইস্যুতে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়, রপ্তানিকারক ও ক্রেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।’ গত ২৪ এপ্রিল ধসে পড়া ভবনটিতে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কর্মী থাকার ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি যে ওই ভবনে কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক কোম্পানির সংযোগ ছিল।’সাভার ট্র্যাজেডি প্রকৃতপক্ষেই ভয়ংকর উল্লেখ করে ভেনট্রেল বলেন, তাঁদের হূদয় সব সময়ের জন্য সাভার ট্র্যাজেডিতে হতাহত ব্যক্তিদের জন্য ব্যথিত।