কাজের ফাঁকে পড়ত ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝকঝকে-তকতকে জামাকাপড় পরে স্কুলে যাওয়া, অবসরে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডায় মেতে ওঠার সৌভাগ্য হয়নি তাদের। উল্টো মজুরি খেটে দিন গুজরান করতে হয়েছে। পাবনার হালিমা চরকায় সুতা জড়ানো ও সেলাইয়ের কাজ করেছে। উখিয়ার আব্দুল্লাহ দিনমজুরির পাশাপাশি গৃহশিক্ষকের কাজও করেছে। কাঠমিস্ত্রির কাজ করতে হয়েছে মেহেরপুরের রবিউলকে। পঞ্চগড়ের আব্দুল হাই করত গৃহশিক্ষকতা। আর ঈশ্বরগঞ্জের আরিফুল দাদির বয়স্ক ভাতার টাকায় পড়াশোনা করেছে। ছাত্রছাত্রীরা পড়ার ফাঁকে কাজ করে, কিন্তু গরিব ঘরের এসব সন্তান কাজের ফাঁকে পড়ত। ঘামঝরানো কষ্টের পরও ওরা এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পাঠক, চলুন কৃতী এই শিক্ষার্থীদের জীবনের গল্প আজ শুনি।স্বপ্নহীন হালিমা: ‘২০০০ সালে উয়ের বাপ মারা গেলি ভাবিছিলাম পথে বসতি হবি। কিন্তু আমার মাইয়ারা আমাক বাঁচায়ে রাখিছে। বাপের মরার পরথেন নিজিরা সুতার কাম আর চাদর সিলাই করে সুংসার চালায়, আবার লেহাপড়াও করে।’ কথাগুলো বলছিলেন পাবনা শহরের দক্ষিণ রাঘপুর এলাকার মরিয়ম বেগম। তাঁর ছোট মেয়ে হালিমা খাতুন শহরের শহীদ ফজলুল হক পৌর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি (মানবিক বিভাগে) পরীক্ষা দিয়ে ভালো ফল করেছে।দাদি, মা ও বড় বোন নিয়ে চার সদস্যের সংসার হালিমাদের। মা ও দুই বোন চরকায় সুতা জড়িয়ে ও সেলাই করে যা রোজগার করে, তা দিয়ে সংসার ও পড়ার খরচাপাতি চলে না। এক কেজি সুতা জড়ালে চার টাকা পায় ওরা। সারা দিন তিনজন মিলে ১২-১৬ কেজি সুতা জড়াতে পারে। ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখে না হালিমা। শুধু লেখাপড়াটা চালিয়ে যেতে চায় ঠিকমতো। কিন্তু কয় দিন পারবে, সেটা নিয়ে শঙ্কিত।মজুরি, শিক্ষকতা দুই-ই করত আব্দুল্লাহ: দুবেলা দুমুঠো খাবার জোগাতে আব্দুল্লাহকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। দিনে মজুরি, বিকেল থেকে রাত অবধি করতে হয়েছে গৃহশিক্ষকের কাজ। তারপর নিজের পড়াশোনা তো আছেই। এই ছিল মোহাম্মদ আব্দুল্লাহর এসএসসি পরীক্ষার প্রস্তুতি। সে কক্সবাজারের উখিয়া উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা (ব্যবসায় শিক্ষা) দিয়েছিল। বাড়ি উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে। ছোটবেলায় বাবা বকতিয়ার আহাম্মদকে হারিয়েছে আব্দুল্লাহ। তখন থেকে মা রেহেনা বেগম খেতে-খামারে কাজ করে তিন মেয়ে ও দুই ছেলেকে বড় করেন। বড় ভাই মোহাম্মদ হোছাইনও দিনমজুরি খাটেন। তিন বোনের বিয়ে হয়ে গেছে। মা রেহেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় ছেলেটা খাবার পর্যন্ত পায়নি। আর দশজনের মতো ছিল না তার স্কুলের পোশাক। মাঝেমধ্যে লুঙ্গি পরেই স্কুলে যেত। আব্দুল্লাহ জানায়, ভবিষ্যতে ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখে সে। সংসার ও পড়ার খরচ জুগিয়েছে রবিউল: বাবা রিকশা চালান। যা আয়, তা দিয়ে সংসার চলে না। বাবার ইচ্ছা, ছেলে তাঁর হোটেলে কাজ করে সংসারের আয়-উন্নতি করুক। কিন্তু ছেলের যে পড়ার প্রতি প্রচণ্ড ঝোঁক। এ নিয়ে বাবা-ছেলেতে প্রায়ই কথা-কাটাকাটি হতো। ছেলে পড়তে চাইত, বাবা তাকে দিয়ে দিনমজুরি করাতে চাইতেন। শেষ পর্যন্ত ছেলের ইচ্ছার জয় হয়। কিন্তু বাবা পড়ার খরচ দিতেন না। তাই বাধ্য হয়ে রবিউল কাঠমিস্ত্রির কাজে নামে। ওই কাজ করে প্রতিদিন ৬০ টাকা পেত সে। সে টাকা সংসার ও পড়ার পেছনে খরচ করত। রবিউল ইসলাম এবার মেহেরপুর দারুল উলুম আহমাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার মদনাডাঙ্গা রাস্তাপাড়া গ্রামে। বাবা আব্দুল হাকিম বলেন, ‘ছেলি পড়বে, এত পয়সা কোথায়! তাই হোটেলে কাজ করতে বলেছি। এখন পড়ে ভালো ফল করেছে। কিন্তু বড় ক্লাসে পড়ার খরচ কে দেবে?’ নিজে পড়েনি, অন্যকে পড়িয়েছে হাই: আব্দুল হাইয়ের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পেয়াদাপাড়া গ্রামে। তার বাবা আব্দুস সাত্তার একজন বর্গাচাষি। ছেলেকে পড়ানোর সামর্থ্য ছিল না বাবার। পঞ্চম শ্রেণীতে সে বৃত্তি পেয়েছিল। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়ে শহরে এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করত। সপ্তম শ্রেণীতে ছাত্রাবাসে থাকার সুযোগ পায়। গৃহশিক্ষকের কাজ নেয় হাই। অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। আর এসএসসিতে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মজিরুল হক বলেন, ‘আব্দুল হাইয়ের বাবা খুব গরিব। সে নিজে প্রাইভেট পড়েনি। কিন্তু অন্যদের প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছে।’দাদির বয়স্ক ভাতার টাকায় পড়েছে আরিফুল: সারা দিন কাজ শেষে সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আরিফুল ইসলাম জানতে পারে, সে জিপিএ-৫ পেয়েছে। দিনমজুর আরিফুলের সাফল্যের এ খবরে আনন্দে ভাসে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রাম। ব্যবসায় শিক্ষা বিভাগের কৃতী এ শিক্ষার্থী জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ইয়াসিন উচ্চবিদ্যালয়ের ছাত্র। পুরোনো পলিথিন দিয়ে ছাউনি দেওয়া ছোট্ট একটি ছাপরা ঘরে থাকে আরিফুলের পরিবার। দুই বোন, মা-বাবা ও দাদিকে নিয়ে তাদের সংসার। বাবা আব্দুল খালেক বুদ্ধি-প্রতিবন্ধী। মা ফুলেছা বানু গৃহপরিচারিকার কাজ করেন। দাদি মহারাজ বিবি বলেন, ‘নাতির লেখাপড়ার অসম্ভব রকম টান দেখক্যা ওরে আমার বয়স্ক ভাতার টেহ্যা-পইসাও দিয়া দিছি। নাতি যদি বড় মানুষ অয়, তহন আর দুখু থাববো না আমরার।’ ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে আরিফুল। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সরোয়ার উল্লাস, পাবনা; রতন দে, উখিয়া (কক্সবাজার); তুহিন আরন্য, মেহেরপুর; শহীদুল ইসলাম, পঞ্চগড় ও সোহরাব পাশা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)]