কাজের বিনিময়ে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেনের ওপর দিয়ে রাস্তা। পাশেই একটি মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন থেকে ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে রয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে খুব অসুবিধা হতো। অনেক জায়গায় আবেদন করেও কাজ হয়নি।বিষয়টি স্থানীয় ফুটপাত ব্যবসায়ী আইয়ুব আলীর নজরে পড়ে। তিনি শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে নিজের টাকা দিয়ে স্ল্যাব বসিয়ে দেন। এতেই তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের রোষানলে পড়েন। গতকাল শনিবার ওয়ার্ড কাউন্সিলর তাঁকে ধরে পিটিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডে।স্থানীয় লোকজন জানান, কিছুদিন আগে একজন পথচারী এই ড্রেনের ভেতরে পড়ে গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন করেছিল। কিছুদিন আগে তাঁদের এই দুর্দশার বিষয়টি স্থানীয় একটি খবরের কাগজে ছাপাও হয়। এর পরও কর্তৃপক্ষ এদিকে নজর দেয়নি। স্থানীয় ফুটপাত ব্যবসায়ী আইয়ুব এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের সমস্যাটি অনুধাবন করে নিজ খরচে ড্রেনের ওপরে স্ল্যাব বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ১৫ জুন স্ল্যাব বসানোর সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে আইয়ুব আলীকে স্ল্যাব বসাতে সহযোগিতা করেন। বিষয়টি জানতে পেরে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম ওরফে আলমগীর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকায় আইয়ুব আলীকে পেয়ে গালি দিয়ে পেটাতে শুরু করেন। এ সময় কাউন্সিলরের সঙ্গে থাকা চার-পাঁচজন লোকও তাঁকে মারতে শুরু করেন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে আইয়ুব আলী তাঁদের হাত থেকে ছাড়া পান। আইয়ুব আলীর অভিযোগ, তাঁর মুঠোফোনটিও কেড়ে নেওয়া হয়।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, আইয়ুব আলীর সঙ্গে তাঁর কিছুই হয়নি। দেখাই হয়নি। ও মিথ্যা কথা বলেছে।