কাজের মান নিশ্চিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা সভায় কাজের গুণগত মান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম। গতকাল শনিবার বেলা আড়াইটায় সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।আবদুল করিমের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সভায় না আসায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। বন্দরের প্রতিনিধির কাছে তিনি জানতে চান, ‘চেয়ারম্যান এমন কী কাজে ব্যস্ত যে সভায় আসতে পারেননি?’সভায় স্টেডিয়ামের ভেতরের কাজ, বাইরের সড়ক, নিরাপত্তাব্যবস্থা, পর্যটন করপোরেশনের কাজ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্কার ও উন্নয়নকাজ ৮০-৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সভায় জানানো হয়। বাকি কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়।আলোচনার একপর্যায়ে আবদুল করিম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর-ই-ইলাহীকে উদ্দেশ করে বলেন, ‘দুইটা ইট দিয়ে সেখানে সিমেন্ট লাগিয়ে দিচ্ছেন। এগুলো না শুকানোর আগেই তাতে রং লাগিয়ে দিলে তা কি টিকবে?’নগরের সৌন্দর্যবর্ধনের জন্য কত টাকা নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হচ্ছে—এ বিষয়ে সিটি করপোরেশনের প্রতিনিধির কাছে জানতে চাইলে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বাজেটের কোনো লিমিট (পরিসীমা) নেই।’ তখন আবদুল করিম বলেন, ‘তাহলে তো কোনো বাজেটই নেই।’ এ সময় মঞ্জুর-ই-ইলাহী বলেন, ‘বাজেট চার কোটি টাকা।’ জবাবে মুখ্য সচিব বলেন, ‘এটা তো অনেক কম।’ তখন আরেকজন প্রতিনিধি বলেন, ‘বাজেট ২০ কোটি টাকা।’ মুখ্য সচিবের প্রশ্ন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তা আপনার অধীনে, নাকি আপনি ওনার অধীনে?’