কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই পরিচিত মুখ। সাবেক ও বর্তমান ওই দুই মেয়র মিলে ১১ বছর ৬ মাস এই পৌরসভার দায়িত্ব পালন করেছেন। দুজনকে ভোট দেওয়ার সময় তাঁদের বিগত দিনের কাজের মূল্যায়ন করে ভোট দেবেন বলে জানান ভোটাররা।
বরুড়া পৌরসভার সচিব আমজাদ হোসেন খান বলেন, ১৯৯৫ সালের ১ আগস্ট বরুড়া পৌরসভা প্রতিষ্ঠা হয়। বর্তমানে এটি দ্বিতীয় শ্রেণির পৌরসভা। ২০০৪ সালের ১ জুন আওয়ামী লীগের নেতা বাহাদুরুজ্জামান পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় ছিল। পরে তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসে। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। অন্যদিকে বর্তমান মেয়র ও বিএনপি
প্রার্থী জসিম উদ্দিন ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বরুড়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব নেন।
গত রোববার সরেজমিনে বরুড়া পৌরসভার শালুকিয়া, কামেড্ডা, বরইয়া, পাঁচপুকুরিয়া, নয়নতলা, তলাগ্রাম, বেলভুজ ও অর্জুনতলা এলাকা ঘুরে দেখা গেছে, পৌরসভার অধিকাংশ সড়ক ভাঙাচোরা। সড়কের মধ্যে অসংখ্য গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ওই সড়ক দিয়ে হাঁটাই দায় হয়ে পড়েছে। এ ছাড়া পাশে নালা নেই। এতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
পৌরসভার কসামি, কাসেড্ডা ও পুরান কাদবা এলাকার অন্তত ২০ জন ভোটার বলেন, তাঁদের এলাকায় এখনো গ্যাস আসেনি। পৌরসভা হিসেবে কোনো ধরনের নাগরিক সুবিধা তাঁরা পাচ্ছেন না।
পৌরসভার বাসিন্দা ও স্থানীয় কলেজের প্রভাষক মাসুদ মজুমদার বলেন, প্রতিষ্ঠার পর থেকে এখানে গড়ে ওঠেনি কোনো শিশুপার্ক। ভোটাররা নাগরিক সেবা থেকে বঞ্চিত। জনগণ এবার দুই প্রার্থীর কাজের মূল্যায়ন করে ভোট দেবেন।
তলাগ্রাম এলাকার বাসিন্দা নাসিমা আক্তার বলেন, ‘দুই মেয়রের আমলে বরুড়ার কোনো পরিবর্তন হয়নি। রাস্তাঘাট আগের চেয়ে আরও খারাপ। এবার ভিন্ন প্রার্থীকে বেছে নেব। তাঁদের মিথ্যা প্রতিশ্রুতিতে আর ভোট দেব না।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহিদ হাসান বলেন, দুই মেয়র প্রার্থীর কর্মযজ্ঞ ও মার্কা দেখে এবার ভোটাররা মেয়র পদে ভোট দেবেন। এই প্রথমবার দলীয় প্রতীক থাকলেও এলাকার উন্নয়ন নিয়ে ভোটাররা ভেবেই ভোট দেবেন বলে মন্তব্য করেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বলেন, ‘আমার সময়ে পৌরসভায় কাঁচা রাস্তা ছিল। সেগুলোর বেশির ভাগ পাকা করেছি। পরে ওই সড়ক আর সংস্কার হয়নি। এ কারণে পৌরবাসী ভোগান্তিতে পড়েছে। গ্যাস-সংযোগ সব এলাকায় দিতে পারিনি।’
বর্তমান মেয়র ও বিএনপি প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘যে পরিমাণ বরাদ্দ পেয়েছি, তা দিয়েই কাজ করেছি। সরকারি দলের মেয়র হলে বাড়তি বরাদ্দ পাওয়া যেত। পৌরসভায় প্রকল্প এলে কেউ কেউ সেটি বাদ দেওয়ার জন্য তৎপর থাকেন। এরপরও পৌরবাসীর সেবা করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা নিশ্চয়ই আমাকে বেছে নেবেন।’