কাজের মেয়ে দিয়ে বিত্তবান পরিবারে প্রতারণার ফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের কাজের মেয়েকে দিয়ে বিত্তবান গৃহকর্তাদের ফাঁসানোর একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পাঁচলাইশ থানার পুলিশ। কৌশলে কাজের মেয়েকে সরিয়ে ওই চক্র গৃহকর্তাদের থেকে অর্থ হাতিয়ে নেয়। কাজের মেয়েকে আটকে ধর্ষণের একটি মামলার তদন্ত করতে গিয়ে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে পাঁচলাইশ থানার পুলিশ।আদালত সূত্রে জানা গেছে, মেয়েটি গত বৃহস্পতিবার মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে সে জানায়, সে স্বেচ্ছায় গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে গেছে। সে ধর্ষণের শিকার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, চক্রটি কৌশলে বিত্তবান কারও বাসায় কাজের মেয়েকে চাকরি দেয়। পরে ওই কাজের মেয়েকে কিছুদিন সরিয়ে রেখে গৃহকর্তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে।পুলিশ সূত্র জানায়, অন্য এক মহিলার মাধ্যমে মেয়েটির মা মাসিক ৫০০ টাকা বেতনে তাকে মির্জার পুলের ইকুইটি ভিলেজ নামের একটি বহুতল ভবনের বাসিন্দা ব্যবসায়ী কামাল উদ্দীনের বাসায় কাজ দিয়েছিলেন। গত ২৭ এপ্রিল মেয়েটির মা তাঁর মেয়েকে গৃহকর্তার গাড়ির চালক ও অন্যরা ধর্ষণ করেছে, এ অভিযোগ এনে পাঁচলাইশ থানায় মামলা করেন।এর আগে ২১ এপ্রিল মেয়েটির মা একই থানায় ব্যবসায়ী কামালের বাসায় কর্মরত তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানায় জিডি এবং এর সাত দিন পর ধর্ষণের শিকার মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, এমন অভিযোগ করায় বেকায়দায় পড়েন গৃহকর্তা। মামলায় অভিযোগ করা হয়, গৃহকর্তার গাড়িচালক ও আরও কয়েকজন যুবক মিলে ওই কাজের মেয়েকে অন্য একটি বাসায় আটকে রেখে গণধর্ষণ করে।