জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে মাদারীপুরে শিবচর উপজেলা হাউজিং প্রকল্পের মাটিভরাট-কাজের শুরুতেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রায় এক মাস ধরে দুটি ড্রেজার দিয়ে মাটিভরাট করা হলেও কাজ হয়েছে খুবই নগণ্য। অথচ আগামী জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্র জানায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের আবাসন চাহিদা পূরণে রাজধানীর নিকটবর্তী স্থান হিসেবে শিবচরের এ প্রকল্পটি গ্রহণ করে সরকার। প্রথম পর্যায়ে শিবচর হাউজিং প্রকল্পে মোট ১৯ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই জমিতে পাঁচ কাঠার ১০৯টি ও তিন কাঠার ৪৯টি আবাসিক প্লট থাকবে। এতে একটি করে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, পাম্প হাউস ও বৈদ্যুতিক সাবস্টেশন ও সাতটি দোকান নির্মাণ করার কথা। গত বছরের ৩০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের প্লটের আবেদন গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৯ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করা হবে। সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে এই জমিতে পাঁচ কাঠার ৮২টি ও তিন কাঠার ৮৪টি আবাসিক প্লট থাকবে। থাকবে আটটি বাণিজ্যিক প্লট, একটি বাণিজ্যিক জায়গা, একটি খেলার মাঠ ও একটি পার্ক এবং পাঁচটি দোকান নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ের প্রকল্পটি ২০১১ সালের জুনের মধ্যে ও দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কাজ ২০১২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা। প্রথম পর্যায়ের মাটিভরাটের কাজ করছে সীমা ট্রেডার্স ও লিওন এন্টারপ্রাইজ। স্থানীয় লোকজনের অভিযোগ, গত ১০ জানুয়ারি প্রথম পর্যায়ে মাটিভরাটের কাজ শুরু হলেও বালু ও মাটির পরিবর্তে ড্রেজারের পাইপ দিয়ে শুধু পানি পড়ছে। এ ছাড়া হাউজিং সংলগ্ন পার্শ্ববর্তী ময়নাকাটা নদী থেকে মাটি আনায় নদীসংলগ্ন সড়ক ও হাউজিং প্রকল্পও হুমকির মুখে পড়তে পারে। প্লটের আবেদনকারী রেনু বেগম, আজিজুল, নূর ইসলাম মিয়া প্রমুখ বলেন, কাজ জুনের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু যেভাবে চলছে তাতে দুই বছরেও শেষ হবে বলে মনে হয় না।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আহসান উল্লাহ জানান, দুজন ঠিকাদারকে মাটিভরাটের কাজ দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ময়নাকাটা নদী থেকে মাটি আনা হলে প্রকল্পের ক্ষতি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যশোর উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী দীপক কুমার সরকার মুঠোফোনে জানান, কাজে গাফিলতি মেনে নেওয়া হবে না।