টেকনাফ-কক্সবাজার সড়কের থাইংখালী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত সেই ৪৩ কিলোমিটার জরাজীর্ণ সড়কের সংস্কারকাজ অবশেষে শুরু হয়েছে। তবে গত বুধবার বিকেল থেকে শুরু হওয়া এ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওই সড়কের দুরবস্থা নিয়ে গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সড়কে খানাখন্দ ফাটা, পর্যটন ব্যবসায় ভাটা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ৪৩ কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য সওজ বিভাগ ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কাজটি করছেন মেসার্স এম হক কনস্ট্রাকশনের সাব-ঠিকাদার মো. আলমগীর চৌধুরী।সরেজমিনে দেখা গেছে, স্থানীয় পাহাড়ের নিষিদ্ধ পাথর ও বালু দিয়ে রাস্তার গর্ত ভরাট করা হচ্ছে। ভরাট করা গর্তগুলোয় রোলার গাড়ি ব্যবহারের কথা থাকলেও কোনো রোলার চোখে পড়েনি। গর্তগুলোয় শ্রমিকদের পা দিয়ে বালু ও পাথর চাপা দিতে দেখা গেছে। এসব স্থানে বিটুমিনের আস্তরণ (কার্পেটিং) দেওয়ার কথা থাকলেও সেখানে বালুর আস্তরণ দেওয়া হচ্ছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-ঠিকাদার মো. আলমগীর চৌধুরী জানান, যে পরিমাণ বরাদ্দ পাওয়া গেছে, তার শতভাগ সংস্কারকাজে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় সাংসদ নিজে কাজের অগ্রগতি তদারক করছেন।সরেজমিনে সওজ বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে না পাওয়া গেলেও সেখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী মোস্তাক আহমদকে দেখা যায়। মোস্তাক আহমদ বলেন, টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ এ কাজের তদারক করছেন। তাঁর পাশাপাশি তিনিও (মোস্তাক আহমদ) কাজের দেখভাল করছেন।সওজ বিভাগ টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ প্রথম আলোকে জানান, স্থানীয় পাথর ব্যবহার করা হচ্ছে কি না, তা তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। এ সংস্কারকাজে কোনো ধরনের অনিয়ম হলে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।