অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও সৈয়দ মাইনুল হোসেন স্মরণে নাগরিক শোকসভা
নিজেদের কাজের সঙ্গে দেশপ্রেমের সম্মিলন ঘটিয়েছিলেন তাঁরা
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। নিজেদের কাজের সঙ্গে তাঁরা এমনভাবে দেশপ্রেমের সম্মিলন ঘটিয়েছিলেন, যা তাঁদের চিরস্মরণীয় করে রাখবে।
সম্প্রতি প্রয়াত এই দুই বিশিষ্টজনের স্মরণে গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে। সভার শুরুতে একটি শোকসংগীত গেয়ে পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জিল্লুর রহমান সিদ্দিকী সম্পর্কে শোকসভায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘তিনি দুই হাতে কবিতা লিখতেন এবং অনুবাদ করতেন। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় মনোনিবেশ করে নিজেকে দেশের একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গড়ে তুলেছিলেন। তা সত্ত্বেও তাঁর মধ্যে বিন্দুমাত্র অহংকারবোধ ছিল না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকীর কনিষ্ঠ কন্যা নাহিদ জাভিন। তিনি বলেন, ‘আমার বাবাকে মনে রাখার মতো অনেক কারণ আছে। বাবাকে কখনো রাগতে দেখিনি। তিনি সব ধরনের মানুষের সঙ্গে সমানভাবে মিশতে পারতেন। সবাইকে ভালোবাসতেন। অতি সাধারণ জীবনযাপনই ছিল তাঁর পছন্দ।’
স্থপতি সৈয়দ মাইনুল হোসেন সম্পর্কে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, দেশ ও জাতিকে এবং মুক্তিযুদ্ধকে কতটা গভীরভাবে আত্মায় ধারণ করলে জাতীয় স্মৃতিসৌধের মতো একটি অসাধারণ স্মৃতিসৌধের নকশা করতে পারা যায়, তিনি ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের সৃষ্টিশীল কাজের সঙ্গে দেশপ্রেমের অসাধারণ সম্মিলন তিনি ঘটিয়েছেন।
আয়োজক সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকীর ভাই এ কিউ সিদ্দিকী ও ছেলে শাকিল আক্তার।