কাজের সন্ধানে উত্তর থেকে দক্ষিণে

জীবিকার প্রয়োজনে প্রতিদিন দল বেঁধে ট্রেনের ছাদে চেপে দেশের উত্তরাঞ্চলের কৃষিমজুরেরা ছুটছেন দক্ষিণাঞ্চলের জনপদে। যাচ্ছেন মাসখানেক সময়ের জন্য; স্ত্রী-সন্তান, আত্মীয়-পরিজনকে বাড়িতে রেখে। এসব কৃষিমজুরের সবাই বৃহত্তর রংপুর-দিনাজপুর জেলার বাসিন্দা।
সরেজমিনে গত রোববার দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে দেখা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটির ভেতরে পা রাখার মতো জায়গা নেই। তারপরও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার কৃষিশ্রমিকেরা রোজাগারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনটির ছাদে উঠে বসছেন। তাঁরা দক্ষিণের জেলাগুলোতে যাবেন কাজের সন্ধানে। শুধু রকেট মেইল ট্রেনই নয়। এমন দৃশ্য চোখে পড়েছে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাওয়া সব ট্রেনে।
নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বৃহত্তর রংপুর বিভাগের কয়েকটি জেলার লোকজন বছরের ঠিক এ সময়টায় কাজের সন্ধানে কাস্তে-বাংকুয়া হাতে, ব্যাগে কিছু কাপড়চোপড় নিয়ে ছোটেন দক্ষিণের জেলাগুলোতে।
ডিমলা উপজেলার নাউতারা গ্রামের কৃষিমজুর শফিউদ্দিন (২৮) ট্রেনে চড়ে যাচ্ছিলেন দক্ষিণের যশোর জেলায়। তাঁর সঙ্গে কথা হয় গত রোববার পার্বতীপুর স্টেশনে। তিনি বলেন, গত বছর যশোর ও নওগাঁয় যেসব গৃহস্থের বাড়িতে কাজ করেছিলেন, ফেরার সময় তাঁদের সবার মুঠোফোন নম্বর নিয়ে এসেছিলেন। এবার ধান পেকেছে জানিয়ে ওই গৃহস্থরা ফোন করায় আবার ছুটছেন যশোরের পথে। তাঁর দলে আছেন ২০ জন কৃষিমজুর। তিনি বলেন, গত বছর গড়ে প্রতিদিন তাঁরা খরচ বাদে ৮০০ থেকে ১ হাজার টাকা করে আয় করেছেন। এবারও সে আশাতেই যাচ্ছেন।
এই কৃষিশ্রমিকেরা বলেন, তাঁদের জন্য দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের সহজ ও সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্রেন। তাই কষ্ট করে হলেও ট্রেনেই ভ্রমণ করে থাকেন।
শ্রমিকেরা বলেন, বছরের এ সময়টায় দক্ষিণে আগাম ইরি-বোরো জাতের ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়। সেখানকার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এদিকে অর্থাৎ তাঁদের নিজ এলাকায়ও ধান কাটা, মাড়াই শুরুর সময় এসে যায়। তাই দক্ষিণের কাজ সেরে নিজ এলাকায় ফিরে আবার কাজে যোগ দিতে পারেন।
পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মিনহাজুল হক বলেন, এসব শ্রমিকদের ট্রেনে চলাচল যাতে নির্বিঘ্ন হয়, সেদিকে রেলওয়ে কর্তৃপক্ষ নজর দেবে।