চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় গতকাল সোমবার ভোরে চালবোঝাই ট্রাক উল্টে নওগাঁর একই গ্রামের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। তাঁরা কাজের সন্ধানে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল দরগাপাড়া গ্রামের সাজেদুর রহমান (২২), আলম হোসেন (২৪), রুবেল হোসেন (৩৫), কালাম মণ্ডল (৩০) ও টিপু হোসেন (৫০)। দুর্ঘটনায় নিহত অন্য দুজন হলেন মনির উদ্দিন (৪৫) ও আজাদ (৪০)। মনিরের বাড়ি আত্রাই উপজেলার বউপাড়া গ্রামে। আজাদ বগুড়ার আদমদীঘির বাসিন্দা। দুর্ঘটনায় শাহ আলম, এলাহী, লাভলু ও সাইফুল ইসলাম নামের চারজন আহত হন।
হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, কাজের সন্ধানে নওগাঁ থেকে ট্রাকযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন তাঁরা। তিনি জানান, নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আহত শাহ আলম বলেন, গত রোববার দুপুরে তাঁরা ১১ জন দিনমজুর নওগাঁ থেকে চালবোঝাই ট্রাকটিতে ওঠেন। ১০ জন চালের বস্তার ওপর এবং একজন চালকের পাশে বসেন। রোববার দিবাগত রাতে ফেনী পার হওয়ার পর ট্রাকের চালক তাঁর সহকারীকে গাড়ি চালাতে দেন। উপজেলার সোনাপাহাড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তিনি বলেন, চালকের সহকারী চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ফরিদ উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।