কাজের সন্ধানে শ্রমের হাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ পাওয়ার আশায় প্রতিদিন ভোরবেলা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকেরা মিরপুর–১ নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হন l প্রথম আলো
কাজ পাওয়ার আশায় প্রতিদিন ভোরবেলা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকেরা মিরপুর–১ নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হন l প্রথম আলো

কেউ নদীভাঙনের শিকার হয়ে ঢাকায় এসেছেন। কারও আবাদি জমি নেই, তাই কাজের সন্ধানে রাজধানীতে। কেউ বা এসেছেন একটু উন্নত জীবনের আশায়। তাঁরা সবাই ভোর না হতেই কাজের আশায় জড়ো হয়েছেন মিরপুর ১ নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে।
প্রতিদিন সকালে এখানে বসে শ্রমের হাট। মিরপুর, গাবতলী ও আশপাশের এলাকার শ্রমিকেরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজের আশায় এখানে ভিড় করেন। এখানে আসার আগেও শ্রমিকেরা জানেন না কাজ মিলবে কি না। ইট ভাঙা, নির্মাণকাজ, রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির সহকারী, কাঠমিস্ত্রি, বস্তা টানা, মাটি কাটা, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে এমন কোনো কাজ নেই, যা তাঁরা করেন না।
রঙের খালি কৌটার ওপর বসে নিয়োগকারী ঠিকাদারের অপেক্ষা করছিলেন ইয়াসিন আলী। সামনে বড় আকারের আরেকটি রঙের খালি কৌটায় বিভিন্ন আকারের ব্রাশ, সিরিশ কাগজ ও অন্য রং-সরঞ্জাম। তার পাশেই সারি দিয়ে বসে ছিলেন আরও কয়েকজন রংমিস্ত্রি।

ইয়াসিন আলী বেলন, ‘এখন আগের চাইতে লোক বেশি হইয়্যা গেছে। গ্যারাম থেকে আইয়্যা রিকশা না পাইলে এইখানে আইয়্যা পড়ে। দুই-তিন দিন বইসা থাকলে একদিন কাজ পাওন যায়।’

শ্রমিকদের ভিড় বাড়ে সকাল সাতটা থেকে। আটটা না বাজতেই শপিং কমপ্লেক্সের সামনে অপেক্ষমাণ দিনমজুরের সংখ্যা শত ছাড়িয়ে যায়। কোদাল আর টুকরি নিয়ে মাটিকাটা শ্রমিকেরা প্রতীক্ষায় থাকেন। পথচারীরা তাঁদের সামনে দিয়ে যাওয়ার সময় ঘিরে ধরছেন কাজ পাওয়ার আশায়। শ্রমিক নিতে আসা লোকজন ঘণ্টা বা দিনের হিসাবে দরদাম করে মজুরি ঠিক করেন। অভিজ্ঞতা আর কাজের ওপর ভিত্তি করে দৈনিক সাড়ে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত মজুরি পেয়ে থাকেন শ্রমিকেরা।

ভবনের বাইরে থেকে ইট ভেতরে ঢোকানোর জন্য শ্রমিক নিতে এসেছেন ফজল মিয়া। তিনি জানালেন, দামে বনিবনা হলে চারজন নেবেন, না হলে তিনজন শ্রমিক নেবেন। মন দিয়ে কাজ করেন বলে নারী শ্রমিক নিতে চাচ্ছেন।

কাজের অপেক্ষায় থাকা কয়েকজন শ্রমিক সময় কাটাতে পাঁচ টাকার বাদাম কিনে নিজেদের মধ্যে ভাগ করে খাচ্ছিলেন। তাঁদের একেকজনের জীবনকাহিনি একেক রকম। ভোলা থেকে নদীভাঙনের শিকার হয়ে ঢাকায় এসেছেন সালাম মিয়া। তাঁর পাশেই বসে থাকা কুদরত কাজের সন্ধানে এসেছেন নওগাঁ থেকে।

মিরপুর ১ নম্বরের এই দিনমজুর-সমাগমের জায়গাটিকে শ্রমিকেরা নিজেরা ডাকেন ‘মার্কেট’ বলে। দিনমজুরদের এই মার্কেটে পুরুষ শ্রমিকের পাশাপাশি কাজের আশায় এসেছেন ৩৫-৪০ জন মহিলা শ্রমিকও। মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সিঁড়ি, সামনের সড়ক বিভাজকের ওপর বসে কাজ পাওয়ার অপেক্ষা করছিলেন তাঁরা।

মাটি টানার কাজ করেন সালেহা বেগম। দুই মেয়েকে নিয়ে থাকেন মিরপুর ১ নম্বরের গুদারাঘাট এলাকায়। তিনি বলেন, ‘৩৫০-৪০০ টাকা রোজে কাজ করি। মাসে সাত-আট হাজার টাকা হয়। এই টাকাতেই সংসার চলে। কাজ আগের তুলনায় কমে গেছে।’

বেলা বাড়তে থাকলে অপেক্ষমাণ শ্রমিকেরা তুলনামূলক কম মজুরিতেও কাজে যেতে রাজি হয়ে যান। আর যাঁরা কাজ পান না, তাঁরা ভাবেন, কীভাবে কাটবে বেকার একটি দিন। পরের দিন ভোরে আবার চলে আসেন কাজের খোঁজে।