কাঞ্চন পৌর নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, গুলি নিহত ১, আহত ৫০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ গতকাল শনিবার ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে৷ কেন্দ্র দখল নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে সুকোমল দত্ত নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ৫০ জন৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটায় ১৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়৷ দীর্ঘ ১১ বছর পর নির্বাচন হওয়ায় বিপুলসংখ্যক নারী ও পুরুষ ভোট দিতে আসেন৷ সকাল সাড়ে ১০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে৷ সাড়ে ১০টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক সহিংসতা শুরু হয়৷ আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ও কাউন্সিলর পদপ্রার্থী মহসিন মিয়া মোহনের সমর্থকেরা লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে কেন্দ্র দখলের উদ্দেশ্যে হামলা চালান৷ এ সময় তাঁরা ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটান৷ বিএনপি-সমর্থিত মজিবর রহমান ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা দেওয়ান আবুল বাশার বাদশা এবং কাউন্সিলর পদপ্রার্থী মো. জালাল উদ্দিনের সমর্থকেরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অবস্থা চলে৷ এতে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়৷ পুলিশ শটগানের ৩০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সুকোমল দত্ত নামের এক পান ব্যবসায়ী নিহত হন। আহত হন অন্তত ৩০ জন৷ সুকোমল দত্ত উপজেলার তাড়াইল পশ্চিম পাড়া এলাকার গেদা দত্তর ছেলে।
বেলা পৌনে ১১টার দিকে হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের লোকজন কেন্দ্র দখলের উদ্দেশ্যে হামলা চালালে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ভূঁইয়া ও দেওয়ান আবুল বাশারের সমর্থকেরা বাধা দেন৷ এ সময় তারা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়৷ পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে৷ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়৷