কাঞ্চনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৪ নম্বর কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মোজাফ্ফর আহমদের বিরুদ্ধে ওই ইউনিয়নের নয়জন সদস্য গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অনাস্থা প্রস্তাব পাঠিয়েছেন।
লিখিত অনাস্থা প্রস্তাব সূত্রে জানা যায়, মোজাফ্ফর আহমদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সাধারণ সভায় উপস্থিত হননি। ফলে তাঁর অনুপস্থিতির কারণে ইউনিয়নবাসী সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তা ছাড়া তিনি ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতেও উপস্থিত থাকেন না।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ছালাম বলেন, ‘তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকা বা এলাকাবাসীর কোনো কাজে আসেননি। তাই এলাকাবাসীর পরামর্শে আমরা নয়জন সদস্য ও নয়জন দফাদার স্থানীয় সাংসদের মাধ্যমে ইউএনও বরাবর চেয়াম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছি।’
ইউপি সদস্যদের অভিযোগ এবং অনাস্থা প্রস্তাবের বিষয়ে জানার জন্য চেয়ারম্যান মোজাফ্ফর আহমদের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।