সিরাজগঞ্জের শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার নিম্নাঞ্চলে কাটই পোকার আক্রমণ শুরু হয়েছে। পোকাগুলো সরিষা, মাষকালাই, ঘাসসহ শীতকালীন সবজির পাতা ও কাণ্ড খেয়ে ফেলছে। কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। পোকার আক্রমণে এ পর্যন্ত ৪০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক ও সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া, রূপবাটি ইউনিয়ন, উল্লাপাড়ার লাহীড়িমোহনপুর ও উধুনিয়া ইউনিয়ন এবং তাড়াশের চলনবিল এলাকায় এই পোকার উপদ্রব দেখা দিয়েছে। এলাকাগুলো নিম্নাঞ্চল হওয়ায় বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে কাটই পোকা জন্মেছে। পোকাগুলো মাষকালাই, ঘাস ও বিভিন্ন সবজির পাতা এবং অঙ্কুরোদ্গমের পর থেকেই কচি সরিষাগাছ খেয়ে সাবাড় করছে।
লাহিড়ীমোহনপুর ইউনিয়নের মোল্লাপাড়ার কৃষক আবুল কালাম জানান, সূর্যালোকে পোকাগুলো বের হতে পারে না। তাই দিনে এগুলো মাটিতে লুকিয়ে থেকে রাতে বের হয়। তখন অন্ধকারে ঠিকমতো কীটনাশক দেওয়াও সম্ভব হয় না। তিনি আরও জানান, তাঁর নিজের তিন বিঘা জমির সরিষা এবং ঘাস অঙ্কুরোদ্গমের পরপরই এসব পোকা খেয়ে ফেলেছে। এখন জমিগুলো আবার চাষ দিতে হচ্ছে।
জেলা কৃষি উপপরিচালক কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ আরশাদুল হক বলেন, ‘সাধারণত বিল এবং নিম্ন এলাকায় কাটই পোকা জন্মে। বন্যার পানি নেমে গেলেই এগুলো ডিম পাড়ে। তখনই এগুলোর বংশবিস্তার ঘটে। এসব পোকা নিধনে আমরা নাইট্রাস, প্রেসার, ডাস্টবান কেরাটে জাতীয় কীটনাশক ব্যবহার করতে কৃষকদের পরামর্শ দিচ্ছি।’ তিনি আরও জানান, দিনে নয়, সন্ধ্যার দিকে কীটনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া জমিতে গর্ত করে পোকাগুলো ডিম পাড়ে। এসব গর্ত খুঁজে বের করে ডিমগুলো ধ্বংস করা হচ্ছে। এ পর্যন্ত জেলায় ৪০ হেক্টর জমিতে এ পোকার আক্রমণ হয়েছে। তবে কীটনাশক ছিটানোর পর এখান বেশির ভাগ জমিই বিপদমুক্ত। ঢাকা থেকে দুজন বিশেষজ্ঞ এসে আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন।কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে কৃষি সম্প্রসারণ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।