কাটগড় বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। উপজেলা শিক্ষা কমিটির ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা বিদ্যালয় ভবনে পাঠদান চলতে থাকায় অভিভাবক ও এলাকাবাসী উদ্বিগ্ন। তাঁরা যেকোনো সময় এ ঝুঁকিপূর্ণ ভবনের বিম ও ছাদ ভেঙে পড়ার আশঙ্কা করছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণ করা হয় ১৯৯৪-৯৫ সালে। ভবন নির্মাণ করার পর থেকে ওই ভবনের আর কোনো সংস্কার করা হয়নি। এ কারণে ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল ধরার পাশাপাশি ছাদ ও বিমের পলেস্তারা খসে পড়ে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
সূত্র জানায়, ২০১২ সালের অক্টোবর মাসে উপজেলা শিক্ষা কমিটির সভায় বিদ্যালয়ের এ ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ব্যবহার অযোগ্য বলে সিদ্ধান্ত দেওয়া হয়। তারপরও কক্ষ বা ভবনের অভাবে ঝুঁকি নিয়ে পাঠদান অব্যাহত আছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভবনের বেশ কয়েকটি পিলারে ফাটল ধরেছে। একটি কক্ষে বিমের পলেস্তারা খসে পড়েছে এবং বিমের রডগুলো বেরিয়ে গেছে। অন্য কক্ষগুলোর বিম ও ছাদে ফাটল দেখা দিয়েছে। ওই ভবনে বিদ্যালয়ের তিনটি ক্লাসরুম ও একটি অফিস রয়েছে।
অভিভাবক মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইলিয়াছ একই সুরে বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় আমাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গিয়ে মনের মধ্যে ভয় নিয়ে ক্লাস করে। ফলে তাঁরা পাঠে মনোযোগী হতে পারে না। তা ছাড়া আমরাও ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তিত থাকি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ বলেন, ৫৩১ জন শিক্ষার্থীর এ বিদ্যালয়ে পাঁচটি শ্রেণিকক্ষই ব্যবহার অনুপযোগী। ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভবন সংস্কার করলেও বেশি দিন টেকসই হবে না। তাই ভবনটি ভেঙে আরেকটি নতুন ভবন নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল বলেন, বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।’