কাটছে পাহাড়, ভরছে পুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই চট্টগ্রামের মিরসরাইয়ে সোনাপাহাড় এলাকার ব্যক্তিমালিকানাধীন একটি পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটার যন্ত্র (এসকাবেটর) দিয়ে পাহাড় কেটে ট্রাক ভর্তি করে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই মাটি দিয়ে সেখানে একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে জানা গেছে। এ অভিযোগের ভিত্তিতে ৭ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর দুই ব্যক্তিকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেছে। আসামিরা হলেন আব্দুল্লাহ্ আনসারী ও মো. নুরুল হক। এ দুজন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে অনুমোদনবিহীন পাহাড় কেটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৪(২) ও ১২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজন ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করে পাহাড় কাটার সত্যতা পেয়েছে। এজন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।’ সরেজমিনে দেখা গেছে, সোনাপাহাড় এলাকায় মাঝারি মানের ওই পাহাড়টি এসকাবেটর দিয়ে কেটে মাটি ট্রাকে ভরে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ‘আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত’ নামের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার ভেতরের মাঠ উঁচু করা এবং পুকুর ভরাটের কাজে এই মাটি ব্যবহূত হচ্ছে।পাহাড় কাটার জায়গায় দেখা হয় মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিক রফিক উদ্দীনসহ সাত-আটজনের সঙ্গে। তাঁরা বলেন, দুই সপ্তাহ ধরে এখানে এসকাবেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। যোগাযোগ করা হলে ‘আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত’র সহসভাপতি পরিচয় দিয়ে মো. সোহেল নামের এক ব্যক্তি এ প্রতিনিধির কাছে জানতে চান, কার অনুমতি নিয়ে পাহাড় কাটার জায়গায় গেছেন। তিনি বলেন, ‘সোনাপাহাড় এলাকায় ওই পাহাড়টি আমার। সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছে না।’রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে উল্লেখযোগ্য কাউকে পাওয়া যায়নি। তখন কথা হয় মাদ্রাসার আরবি প্রভাষক গোলাম সরওয়ারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসার কাজের সুবিধার জন্য মাঠ উঁচু ও পুকুর ভরাট করা হয়েছে।’ পাহাড় কাটার কোনো অনুমতি তাঁরা পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে নেননি বলে তিনি স্বীকার করেন।মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হামিদুল হক জানান, ব্যক্তিমালিকানাধীন হলেও পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগবে।