কাটতে হচ্ছে দুই শিশুর হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি বিছানায় শুয়ে আছে দুই শিশু। নির্বাক, করুণ দৃষ্টি তাদের। দুজনেরই বাঁ হাতে ব্যান্ডেজ। দুজনের বাড়িই নওগাঁয়। এরা স্থানীয় দুই কবিরাজের অপচিকিৎসার শিকার। হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, হাত দুটি কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।

একটি শিশুর নাম মাহফুজুর রহমান (৯)। পড়ে তৃতীয় শ্রেণীতে। তার বাবার নাম জিয়াউর রহমান। বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরি বল্লব আবাসন প্রকল্পে।

 জিয়াউর প্রথম আলোকে বলেন, তিনি ইটভাটায় কাজ করেন। পয়লা বৈশাখের দিন তাঁর ছেলে বন্ধুদের সঙ্গে একটি ছোট্ট তেঁতুলগাছ থেকে পড়ে গিয়ে বাঁ হাতের কবজিতে আঘাত পায়। তখন তিনি ইটভাটায় ছিলেন। তাঁর স্ত্রী মাহফুজা খাতুন ছেলেকে নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে ইজবর আলী নামের একজন কবিরাজের কাছে যান। কবিরাজ একধরনের তরল মালিশ করে শিশু মাহফুজুরের হাতে ব্যান্ডেজ করে দেন। তিন দিন পর ব্যান্ডেজ খোলার পরামর্শ দেন তিনি। ইজবর বলেছিলেন, তিন দিনেই তাঁর ছেলের হাতের ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু তিন দিন পর তাঁরা ব্যান্ডেজ খুলে দেখেন, মাহফুজুরের হাতে পচন ধরেছে।

জিয়াউর আরও বলেন, ছয় দিন পর ইটভাটা থেকে বাড়ি ফেরেন। মাহফুজুরকে ১৯ এপ্রিল হাসপাতালে ভর্তি করেন।

গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মাহফুজুর বিছানায় শুয়ে রয়েছে। পচন ধরা বাঁ হাতটি একটি স্ট্যান্ডের সঙ্গে ঝোলানো।

হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম বলেন, শিশুটির হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে পচন ধরেছে। কবিরাজের অপচিকিৎসায় শিশুর হাতটির এই সর্বনাশ হয়েছে। এখন এর একমাত্র চিকিৎসা হাতটি কেটে ফেলা। অথচ শিশুটি যে আঘাত পেয়েছিল, এর কোনো চিকিৎসা না দিলেও বড় ধরনের কোনো ক্ষতি হতো না।

মাহফুজুরের পাশের বিছানায় একই জেলার মান্দা উপজেলার শঙ্করপুর গ্রামের জাহিদুল ইসলাম (৮) নামের আরেকটি শিশু শুয়ে আছে। সে পড়ে প্রথম শ্রেণীতে। তার মা জয়নব খাতুন বলেন, সাইকেল থেকে পড়ে জাহিদুলের হাতের কনুই ফেটে যায়। পরে তাঁরা ছেলেকে প্রথমে পাশের সিংড়া গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যান। ওই কবিরাজের নাম ‘বৈদ্যা কবিরাজ’। পরে কবিরাজ ছেলের হাত ব্যান্ডেজ করে দেন। কিন্তু বাড়িতে আসতেই ছেলের হাত ফুলে ফোস্কা পড়ে যায়। ছেলে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করে। পরে তাঁরা একজন স্থানীয় চিকিৎসকের পরামর্শে ১০-১২ দিন আগে ছেলেকে নিয়ে এই হাসপাতালে আসেন। চিকিৎসক বি কে দাম বলেন, জাহিদুলের হাতের কোনো অনুভূতি নেই। এটিও কাটতে হবে।

মাহফুজুরের বাবার পকেটে কবিরাজের একটি কার্ড পাওয়া গেছে। কার্ডে পাওয়া মুঠোফোন নম্বরে ফোন করলে কবিরাজ ইজবর আলী শিশু মাহফুজুরের হাতের চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেন৷ তিনি বলেন, ‘কীভাবে এটা হলো, বুঝতে পারিনি।’