
২০১৫ সালে সিটি করপোরেশনের নির্বাচনে ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মো. হাসান। গতকাল তাঁর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নিয়েছেন কি?
কাউন্সিলর: ওয়াসা স্টর্ম সুয়ারগুলো পরিষ্কার না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমাকে নাগরিকদের কাছে জবাবদিহি করতে হয়। তবে কয়েক সপ্তাহ আগে নিজ টাকা খরচ করে কয়েকটি সুয়ার পরিষ্কার করেছি। তা ছাড়া এই জলাবদ্ধতা কমাতে ইতিমধ্যে একটি প্রকল্প নিয়েছে ডিএসসিসি।
প্রথম আলো: আপনার ওয়ার্ডের অন্যতম বড় সমস্যা যানজট। তা নিরসনে কোনো পদক্ষেপ নেবেন কি?
কাউন্সিলর: একসময় আমার ওয়ার্ডটি ছিল আবাসিক। কিন্তু ক্রমান্বয়ে তা বাণিজ্যিকে রূপ নিয়েছে। তাই আজকে এই যানজট। তবে কিছুদিন আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই এলাকা পরিদর্শন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছে। তারা এই এলাকা নতুন করে গড়ে তুলতে উদ্যোগ নেবে।
প্রথম আলো: বেড়িবাঁধ সড়কসহ আপনার ওয়ার্ডের প্রায় সব জায়গায় ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। পরিচ্ছন্নতাকর্মীরা তা নিয়মিত পরিষ্কার করেন না বলে অভিযোগ আছে।
কাউন্সিলর: প্রতিদিনই ওয়ার্ডের সব সড়ক পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা। তবে জনবল কম হওয়ায় বেড়িবাঁধ এলাকা নিয়মিত পরিষ্কারে সমস্যা হয়। বিষয়টি ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
প্রথম আলো: ঐতিহ্যবাহী স্থাপনা ছোট কাটরা ও বড় কাটরা রক্ষায় সিটি করপোরেশন কি কোনো উদ্যোগ নেবে?
কাউন্সিলর: এই দুটি স্থাপনা রক্ষা বা সংস্কারের দায়িত্ব সিটি করপোরেশনের নয়। তবে তা আমার এলাকার ঐতিহ্য। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানাই।
প্রথম আলো: গত দুই বছরে ওয়ার্ডে কী কী উন্নয়ন করেছেন?
কাউন্সিলর: আমার ওয়ার্ডের অধিকাংশ সড়কের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এখন সড়কে এলইডি বাতি লাগানোর কাজ চলছে। এই এলাকার নাগরিকদের একটি দাবি, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটি আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করা। ইতিমধ্যে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বরাবর আবেদন করেছি। মেয়র তা অনুমোদন করলেই নাগরিকদের স্বপ্ন বাস্তবায়িত হবে।