কাটা গাছের চাপায় মৃত্যু
বাবা-ছেলে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি যখন ধুনট-জোড়শিমুল পাকা রাস্তার চিকাশি তিনমাথা এলাকায় তখন আচমকা একটি কাটা গাছ এসে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আলতাব আলী। আহত হন ছেলে ডাবলু মিয়া। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আলতাব আলী ধুনট পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে মোবাইলে কথা বলে জানা যায়, ধুনট বাজারের ব্যাটারি ব্যবসায়ী আলতাব আলী ও তাঁর ছেলে মোটরসাইকেলে করে ধুনট উপজেলার হটিয়ারপাড়া আত্মীয়ের বাড়ি থেকে ধুনট পৌর শহরে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় পথের পাশে নিজের লাগানো ইউক্যালিপটাস গাছ কাটছিলেন চিকাশি গ্রামের বুলবুল নামের এক ব্যক্তি। অসাবধানতাবশত ওই কাটা গাছটি আলতাব আলীর চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে। এতে আলতাব আলী মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান আহত হন ডাবলু মিয়া।
স্থানীয় লোকজন আহত অবস্থায় আলতাব আলীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন এবং তাঁর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক নুরনাহার পারভিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মাথায় প্রচুর রক্তক্ষরণের ফলে আলতাব আলীর মৃত্যু হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজুানুর রহমান জানান, ঘটনার পরপরই বুলবুল পালিয়ে গেছে। কিন্তু গাছ কাটায় জড়িত থাকার অভিযোগে বুলবুলের বোনের স্বামী তুহিনকে আটক করা হয়েছে।