ঠোঁট ও তালুকাটা অবস্থায় সিলেটের এক হরিজন পল্লিতে জন্ম নেয় হরিদাশ। একে অতি দরিদ্র। তার ওপর নতুন জন্ম নেওয়া শিশুটির এ অবস্থা দেখে একেবারেই ভেঙে পড়ে শিশুটির কিশোরী মা শান্তা। অস্ত্রোপচারের মাধ্যমে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত অর্থ জোগাড়ের কথা স্বপ্নেও ভাবতে পারেনি পরিবারটি।
এ অবস্থায় শান্তার কাছে আশার আলো হয়ে আসে বিনা খরচে ঠোঁট ও তালুকাটা রোগীদের চিকিৎসার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতাল ও আন্তর্জাতিক সেবা সংস্থা মার্সি মালয়েশিয়ার যৌথ উদ্যোগের ক্লিপ প্রজেক্টটি। ২০০৮ সাল থেকে এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০০ দুস্থ শিশুকে সম্পূর্ণ বিনা খরচে অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী সেবা দেওয়া হয়েছে।
এ বছরও মার্সি মালয়েশিয়া থেকে শল্যবিদ অধ্যাপক ওয়ান আজমান ওয়ান সুলাইমান ১২ সদস্যের এক বিশেষজ্ঞ দল নিয়ে বাংলাদেশে উড়ে এসেছেন শান্তার মতো মায়েদের মুখে হাসি ফোটাতে। বাংলাদেশে এটি তাঁদের নবম সফর। ৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৪২টি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন তাঁরা।
গতকাল দুপুরে কমিউনিটি হাসপাতালে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে কথা হচ্ছিল হরিদাশের মা শান্তার সঙ্গে। অস্ত্রোপচারের পর এক বছর এক মাস বয়সের হরিদাশের জ্ঞান তখনো ফেরেনি। তবু শান্তার মুখে স্বস্তির হাসিটি চোখ এড়ায় না। একই বয়সের বিকাশকে কোলে নিয়ে বগুড়ার শেরপুর থেকে আসা বিউটি রানী বললেন, ‘ছাওয়াল ভালো হবি তা ভাবি নাই বাপো। আগে ছাওয়ালরে দ্যেখি নিজিই ভয় পাতাম। এ্যাখোন কী যে ভালো লাগিচ্চে তা কতি পারব না!’
কুষ্টিয়ার দরিদ্র কৃষক পরিবারের সন্তান আট মাসের সিয়ামের মা মোছাম্মদ শিউলী খাতুনের ভাষ্য, ‘যত কষ্ট তত আশা। ছেলেরে নিয়ে কষ্টের শেষ ছিল না। কুষ্টিয়ায় অপারেশনের জন্যি ৪০ হাজার টাকা চাইছিল। মনে হচ্ছিল ছেলে বুঝি আর ভালো হওয়ার না।’
ওয়ারীর রোকেয়া আহমেদের মেয়ে ১৫ মাসের তাসনিমও এখন সুস্থতার পথে। তাঁরা প্রত্যেকেই পত্রিকার বিজ্ঞাপন দেখে কিংবা লোকমুখে শুনে খোঁজখবর নিয়ে এখানে সন্তানের চিকিৎসার জন্য এসেছেন।
এ বছর ১৮ জেলার ৭০টি শিশুকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে বলে জানালেন কমিউনিটি হাসপাতালের সহকারী পরিচালক ও শিশুবিশেষজ্ঞ অধ্যাপক মো. ওমর শরীফ ইবনে হাসান। এ জন্য হাসপাতালের পঞ্চম তলাটি ছেড়ে দেওয়া হয়েছে।