কাটা ঢিবিগুলো এখন আরও ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের কেডিএ সড়কটির মাঝ বরাবর এভাবে কাটার ফলে বৃষ্টির পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
খুলনা নগরের কেডিএ সড়কটির মাঝ বরাবর এভাবে কাটার ফলে বৃষ্টির পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

খুলনা নগরের গুরুত্বপূর্ণ কেডিএ সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের মাঝখানে বিটুমিন জমে বহু ছোট-বড় ঢিবির সৃষ্টি হয়েছিল। ভোগান্তি দূর করতে সেই সব ঢিবি কেটে ফেলা হয়েছে ঈদের বেশ কয়েক দিন আগে। কিন্তু এখনো সড়কটি সংস্কার না করায় বৃষ্টির পানি জমে কাটা ঢিবিগুলো ‘পুকুরে’ পরিণত হয়েছে। এতে পথচারীদের ভোগান্তির পাশাপাশি ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

নগরবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাবে সড়কের এমন হাল দাঁড়িয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বৃষ্টিতে মানুষের ভোগান্তির শেষ থাকবে না। সিটি করপোরেশন বলছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে বর্ষাকালে বিটুমিনের কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় আপাতত সড়কটি সংস্কার করা যাচ্ছে না।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী-৩ মশিউজ্জামান খান বলেন, দুর্ঘটনা এড়াতে সড়কটিতে তৈরি হওয়া ঢিবিগুলো কেটে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বর্ষাকালে বিটুমিনের কাজ না করার জন্য বলা আছে, সে জন্য আপাতত কাজ করা যাচ্ছে না।

তাহলে সড়কটির এখন কী হবে এমন প্রশ্নে মশিউজ্জামান খান বলেন, বর্ষাকালের পর কাজ করা যাবে। আপাতত বিকল্প কোনো উপায় বের করার জন্য বুধবার (আজ) প্রধান প্রকৌশলী সবাইকে নিয়ে বসবেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, সড়কটির ময়লাপোঁতা মোড় থেকে শিববাড়ী মোড় পর্যন্ত সংস্কারের জন্য ১ কোটি ৮৫ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয় জুনের প্রথম দিকে। দুজন ওয়ার্ড কাউন্সিলর ও একজন নারী কাউন্সিলরকে কাজটি তদারকের দায়িত্ব দেওয়া হয়।

শিববাড়ী মোড় থেকে ময়লাপোঁতা হয়ে রয়েল মোড় পর্যন্ত চার লেনবিশিষ্ট এই সড়ক প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। শিববাড়ী থেকে ময়লাপোঁতা অংশে একাধিক বেসরকারি হাসপাতাল, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যান চলাচল করে।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের ময়লাপোঁতা মোড় ও তেঁতুলতলা মোড় থেকে শিববাড়ী পর্যন্ত বিভাজকের পূর্ব পাশে সৃষ্টি হওয়া ঢিবিগুলো কাটা হয় ঈদের চার-পাঁচ দিন আগে। এতে সড়কের মাঝখানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় গাড়ি পাশ দিয়ে চলাচল করছে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। তখন ঝুঁকি ও ভোগান্তিও বেড়ে যায়।

এই সড়কে নিয়মিত চলাচল করেন ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগে রাস্তায় ছিল ঢিবি। সেগুলো কেটে এখন পুকুর বানানো হয়েছে। ফলে রিকশাও ঠিকমতো যেতে পারে না। প্রাইভেট কার গেলে গায়ে কাদা ছিটকে আসে। রাতে চলাচল হয়ে ওঠে আরও ভয়ংকর।’