কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেকটি ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত রোববার ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতপরিচয় এক নারী। পরে সীমানা নিয়ে রেলওয়ের দুই স্টেশন কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে আরেকটি ট্রেন ওই লাশের ওপর দিয়ে চলে যায়। উপজেলার ১০নং রেলগেট আউটার সিগন্যালের প্রায় দেড় শ গজ দূরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও রেলওয়ে সূত্র জানায়, রমনা নামে একটি লোকাল ট্রেনে ওই দিন কাটা পড়েন ওই নারী। ট্রেনের চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টারকে বিষয়টি জানান। মাস্টার তা আমলে নেননি। পরে রেললাইনের ওপরে ট্রেনে কাটা এক নারীর লাশ পড়ে আছে—এ খবর পেয়ে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের কি ম্যান শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানটি তাঁদের সীমানায় নয়। পরে তিনি ঘটনাটি পয়েন্টস ম্যান মোহামঞ্চদ আলীকে জানান। মোহামঞ্চদ আলী ঘটনাটি খোলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টারকে জানান। স্টেশন মাস্টার শংকর গাঙ্গুলি লোক পাঠিয়ে জানতে পারেন, স্থানটি তাঁদের সীমানায় নয়। এরপর লাশ সরানো নিয়ে ওই দুই রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের মধ্যে শুরু হয় ঠেলাঠেলি। পরে লাশের ওপর দিয়ে চলে যায় দ্রুতগামী আরেকটি ট্রেন ‘সেভেন আপ’। মোহামঞ্চদ আলী বলেন, ‘দুর্ঘটনাস্থল আমাদের সীমানায় নয়, পড়েছে খোলাহাটি রেলওয়ে সীমানায়। বিষয়টি ওই স্টেশন মাস্টারকে জানানো হলেও তাঁরা ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে।’ খোলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার শংকর গাঙ্গুলি বলেন, ‘দুর্ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন সীমানায়। তাই ব্যবস্থা নিইনি।’মানবাধিকার সংগঠনের সদস্য রমজান আলী বলেন, ঘটনাটি খুবই অমানবিক। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁরা সীমানার দোহাই দিয়ে লাশ সরানো নিয়ে ঠেলাঠেলি করেছে, তাঁরা মানুষ নয়। তদন্ত করে ওই দুই স্টেশন মাস্টারসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ম্যান শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে ৮-১০ জন লোক এসে ছিন্নভিন্ন লাশটি নিজেদের দাবি করে বস্তায় করে নিয়ে গেছেন।