কাটা বাঁধ মেরামত হয়নি ১৭ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর আগে কেটে দেওয়া রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেংরাবাঁধ এখনো মেরামত করা হয়নি। বর্ষা এলেই শিব নদের পানিতে রাজশাহী ও নওগাঁ জেলার চারটি উপজেলার হাজার হাজার একর জমির ফসল তলিয়ে যায়। ইতিমধ্যে অন্তত ১৪ বার এই এলাকায় ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে।পাউবো সূত্রে জানা গেছে, আগে শিব নদ, বারনই, ফকিন্নি ও আত্রাই নদীর পানিতে রাজশাহীর তানোর, মোহনপুর ও বাগমারা উপজেলা এবং নওগাঁর মান্দা উপজেলায় বন্যা হতো। এই বন্যা নিয়ন্ত্রণের জন্য রাজশাহী পাউবোর অধীন ফোল্ডার ডি প্রকল্পের আওতায় রাজশাহী ও নওগাঁ এলাকায় ১৯৮৯ সালে ১৩২ কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করা হয়।স্থানীয় লোকজন জানান, ১৯৯৫ সালের দিকে রাতের অন্ধকারে মান্দা উপজেলার টেংরাঘাট এলাকায় এই বাঁধ কেটে দেওয়া হয়। এর পর আর এই বাঁধ সংস্কার করা হয়নি। দিনে দিনে এই কাটা অংশ ভেঙে আরও বড় হয়েছে।গত ২৮ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর তানোর উপজেলা থেকে একটু বাঁকা হয়ে বাঁধটি যেখানে নওগাঁর মান্দা উপজেলায় ঢুকেছে সেখানে প্রায় ১০০ ফুট বাঁধ গভীর হয়ে ভেঙে গেছে। ফলে শিব নদের পানি মান্দা উপজেলার ভেতর দিয়ে রাজশাহীর মোহনপুর, তানোরের কিছু এলাকা এবং বাগমারায় ঢুকে পড়েছে। বাঁধ থেকে রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের রতনডাঙ্গা গ্রামে যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ ভেঙে গেছে।রতনডাঙ্গা গ্রামের কৃষক আমজাদ আলী জানান, প্রতি বর্ষায় মাঠের ফসলসহ পুরো গ্রামটি শিব নদের পানিতে ভেসে যায়। এই বাঁধ ভাঙার পরে দু-তিনবার পানি কম হওয়ায় তাঁরা ফসল ঘরে তুলতে পেরেছেন।রায়ঘাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘বাঁধ কাটা হয়েছে ১৭ বছর আগে। এর মধ্যে দু-তিনবার পানি কম হওয়ার কারণে আমার ইউনিয়নের মানুষ সুষ্ঠুভাবে ফসল ঘরে তুলতে পেরেছে। এই ভাঙনের কারণে মোহনপুরের কেশরহাট পৌর এলাকা থেকে টেংরাবাঁধ পর্যন্ত সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।’রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য টেংরাঘাটে একটি রেগুলেটর এবং স্পিলওয়ে নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্প ব্যয় ধরা হয় ৩৬৪ কোটি টাকা। গত বছর অক্টোবর মাসে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে যায়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় প্রকল্পটি আবার পানিসম্পদ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। আপাতত আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে চেষ্টা করা হচ্ছে।’