কাটা রাস্তার নগর রাজশাহী, মেরামতের উদ্যোগ নেই

রাজশাহীর বাসাবাড়িতে গ্যাস-সংযোগের জন্য সড়ক খোঁড়ার আগেই মেরামতের বিল গ্রাহকের কাছ থেকে নিয়ে নিয়েছে সিটি করপোরেশন। বিল নিলেও অধিকাংশ কাটা রাস্তাই মেরামত করা হয়নি এখনো। যেগুলো করা হয়েছিল, তাও দায়সারা। কার্পেটিং উঠে আগের মতো হয়ে গেছে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না। বর্ষা মৌসুম শেষ হলেই রাস্তা মেরামত করে দেওয়া হবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সূত্রে জানা গেছে, কোনো বাসায় গ্যাস-সংযোগের আগেই সিটি করপোরেশন থেকে লাইন বসানোর জন্য সড়ক কাটার অনুমতি নিতে হয়। সড়ক খোঁড়া এবং পরে তা মেরামতের জন্য সিটি করপোরেশন গ্রাহকের কাছ থেকে নির্ধারিত টাকা নিয়ে থাকে। নিয়ম অনুযায়ী, পাকা সড়কের জন্য প্রতি বর্গমিটারে ৩ হাজার ১৯০ টাকা, হেরিংবন্ডের (ইটের রাস্তা) জন্য ৯৯০ টাকা ও কাঁচা রাস্তার জন্য ৯৭ টাকা করে ক্ষতিপূরণ নেওয়া হয়।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জুনের প্রথম সপ্তাহ থেকে নগরে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাসাবাড়িতে গ্যাস-সংযোগের জন্য নগরের ৪১০ কিলোমিটার সড়কের ৮ হাজার ৮০০ জায়গায় খোঁড়াখুঁড়ি করা রয়েছে। প্রথম দিকে খোঁড়া আটটি ওয়ার্ডের রাস্তা মেরামত করা হয়েছিল। কিন্তু কাজ করার পরপরই তা উঠে গিয়ে আগের গর্ত বেরিয়ে এসেছে। আবার নতুন করে খোঁড়া সড়কে কোথাও কোথাও শুধু ডব্লুবিএম (ওয়াটার বন্ড ম্যাকাডাম) করা হয়েছে; কার্পেটিং করা হয়নি। আবার কোথাও কিছুই করা হয়নি।
কাটা রাস্তা পার হতে গিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়ছেন ব্যাটারিচালিত রিকশার যাত্রীরা। নগরের সওদাগর হার্ডওয়্যারের মালিক আরাফাত রুবেল বলেন, গতকাল শনিবার সকালে রিকশায় করে দুই কার্টন টাইলস নিয়ে নগরের কালুমিস্ত্রির মোড়ে বাসায় ফিরছিলেন। সাগরপাড়া এলাকায় কাটা রাস্তায় রিকশা পড়ে তাঁর সব টাইলস ভেঙে গেছে। তিনি বলেন, তিনি নিজে বাসায় গ্যাস-সংযোগ নিয়েছেন। কাটা রাস্তা মেরামতের জন্য সিটি করপোরেশনে আগেই টাকা জমা দিয়েছেন। গ্যাস-সংযোগ পাওয়ার পর কাটা রাস্তা আর আগের মতো হয়নি।
নগরের বেলদারপাড়া এলাকার স্কুলশিক্ষক রেজিনা ফারুক বলেন, কাটা রাস্তার জন্য এখন রিকশায় উঠতেই ভয় লাগে। এ জন্য তিনি অল্প দূরে কোথাও যাওয়ার জন্য আর রিকশায় ওঠেন না। তিনি বলেন, ‘এই কাটা রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশা। একটু দ্রুত যায়। রাস্তা পার হওয়ার সময় গর্তে পড়ে মনে হয়, কোমর ভেঙে গেল বুঝি।’
রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের রিকশাচালক আবদুল মান্নান প্রতিদিন সকালে রাজশাহী শহরে রিকশা চালাতে আসেন। তিনি বলেন, কাটা রাস্তায় পড়ে কয়েক দিন আগে তাঁর রিকশার রিং বসে যায়। এ ধরনের মেরামত খরচ মালিক দেন না। নিজের জমার টাকা থেকে রিকশা সারিয়ে সেদিন খালি হাতে বাড়ি ফিরেছেন তিনি।
পিজিসিএলের রাজশাহী কার্যালয়ের ব্যবস্থাপক তোফায়েল আহম্মেদ বলেন, সংযোগ দেওয়ার আগেই সড়ক কাটার অনুমতি নেওয়া হয়। এ জন্য গ্রাহকের কাছ থেকে আগেই সড়ক খোঁড়ার জন্য ক্ষতিপূরণের টাকা সিটি করপোরেশন জমা নিয়ে নেয়। তাই সড়ক মেরামতের ব্যাপারে পিজিসিএলের কোনো ভূমিকা নেই।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রথম আলোকে বলেন, আসলেই রাস্তাগুলো কোমর ভাঙার মতো হয়ে আছে। তারা আগে আটটি ওয়ার্ডে রাস্তা মেরামত করেছেন। এখন যেগুলো বাকি আছে বৃষ্টির জন্য করতে পারছেন না। বর্ষা শেষ হলেই শুরু করবেন। আগের করা কার্পেটিং উঠে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, পাইপ বসানোর জন্য রাস্তাটা চিকন করে কাটা হয়। এই অল্প জায়গার মধ্যে ঠিকমতো কমপেক্ট করা যায় না। এ জন্য এগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না।