প্রচুর ধুলা। সড়কজুড়ে পার্কিং। হরহামেশা উল্টোপথে যান চলাচল। সঙ্গে মেট্রো রেলের কাজ। শেওড়াপাড়ায় রোকেয়া সরণির মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সামনের অবস্থা এমনই। শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তির শেষ নেই।
গত বুধবার বিদ্যালয়টির সামনে দেখা যায় অপেক্ষমাণ অভিভাবকদের ভিড়। প্রায় সবাই নাক-মুখ চেপে আছেন। একেকটি গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই উড়তে থাকা ধুলায় ভরে যায় চারপাশ। আশপাশে বেশ কিছু খাবারের দোকান আছে। সেখানেও ধুলার রাজত্ব। মেহেরুন্নিসা নামের এক অভিভাবক বলেন, ‘এই জায়গায় আসা-যাওয়া যে কী কষ্টের! ধুলায় অ্যালার্জিতে বাচ্চাদের চোখ-মুখ লাল হয়ে যায়।’ বিদ্যালয়ের গেটে বিক্রি হচ্ছে ঝালমুড়ি, ফুচকাসহ বিভিন্ন খাবার। ধুলামাখা এসব খাবার দেদার খাচ্ছে শিক্ষার্থীরা।
স্কুলের সামনে মূল সড়কে সারি সারি স্কুলভ্যান রাখা। সঙ্গে কিছু ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা। এর মধ্যেই উল্টোপথে যান চলছে। স্কুল ছুটির সময় সৃষ্টি হয় তীব্র যানজট। একদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়, অন্যদিকে যানবাহনের চাপ। আবার এখানেই বাস থামে। লোকজন ওঠানামা করে।
রোকেয়া সরণিতে মেট্রোরেলের কাজ চলছে। মনিপুর বিদ্যালয়ের সামনের অংশের কাজ শেষ হয়েছে। সড়কের মাঝ দিয়ে খোঁড়া হয়েছিল। জায়গায়টিতে এখনো পিচঢালাই দেওয়া হয়নি। এখন সড়কটি দুই ভাগের মতো হয়ে গেছে। এক পাশ দিয়ে সরাসরি যানবাহন চলছে। অন্য পাশে চলছে উল্টোমুখী যানবাহন। গাড়ি রাখা হচ্ছে।
কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, জায়গাটি নিয়ে কর্তৃপক্ষের ভাবা দরকার। শিক্ষার্থীদের কষ্ট হয়। সড়কটা যত দ্রুত সম্ভব ঠিক করলে মানুষ শান্তি পেত।
বিদ্যালয় ছুটি হলে সামনের পদচারী-সেতুতে ভিড় লেগে যায়। পদচারী-সেতুর বিদ্যালয়ের অংশে একটি সিঁড়ি পার হয়ে অন্য সিঁড়িতে উঠতে গেলেই কিছু টেলিফোনের তার। ডিঙিয়ে পার হচ্ছে সবাই। অভিভাবকেরা অভিযোগ করলেন, প্রায়ই বাচ্চারা হোঁচট খায়।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ূন রশীদ প্রথম আলোকে বলেন, মেট্রো রেলের কাজের জন্য কিছুটা ওলট-পালট হয়েছে। তবে ধুলার জন্য তাঁদের পানি ছিটানোর কোনো ব্যবস্থা নেই। পদচারী-সেতুর তারের বিষয়টি তিনি দেখবেন।