কাটাসুরে বাসার কাছে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে খুন হলেন ব্যবসায়ী আনিসুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন হত্যাকারীদের চাঁদাবাজ বলে দাবি করেছে।
কাটাসুরের বাসিন্দা আনিসুর রহমান এলাকায় গ্রিলের ব্যবসা করতেন। পাশাপাশি জমির ব্যবসায়ও যুক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহত আনিসুরের পারিবারিক সূত্র জানায়, তিনি সকালে দুই সন্তান আনিতা ও অনিককে ইকবাল রোডের একটি কিন্ডারগার্টেনে পৌঁছে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। বাসার কাছে মুখোশধারী এক সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। বুকে গুলিবিদ্ধ আনিসুরের চিৎকারে স্বজনেরা গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আনিসুরের বাসার কাছে দুই সন্ত্রাসী অপেক্ষা করছিল। তাদের একজন মোটরসাইকেলে বসে ছিল। অন্যজন একটি দোকানে কোমল পানীয় পান করছিল। তার হাতে পিস্তল ছিল। আনিসুর তাকে দেখে দৌড় দিলেও বাঁচতে পারেননি।
আনিসুরের ভাই মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দুই মাস আগে তিনি আশুলিয়া মডেল টাউনের একটি জমি আড়াই কোটি টাকা দামে বিক্রি করেন। এরপর কয়েকজন সন্ত্রাসী তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা চায়। তিনি প্রায় ৫০ লাখ টাকা চাঁদা দিয়েছেনও। কিন্তু সন্ত্রাসীদের দাবি ছিল এক কোটি টাকা। ওই টাকা না দেওয়ায় আনিসুরকে হত্যা করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি বেচাকেনায় মধ্যস্থতাকারীদের সঙ্গে আনিসুরের লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটেছে। খুনি পূর্বপরিচিত বলেই আনিসুর তাকে দেখে দৌড় দিয়েছিলেন। চাঁদা দাবির কথা বলা হলেও পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়নি। তবু পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।