যশোরের কেশবপুরের বিল খুকশিয়ার জোয়ারাধার প্রকল্পের (টিআরএম) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হরি নদীর গোরশয়াল কাটিং পয়েন্ট বেঁধে দেওয়ার কাজ শুরু করেছেন এলাকার বিক্ষুব্ধ কৃষকেরা। গত বৃহস্পতিবার তাঁরা এ কাজ শুরু করেন।বিল খুকশিয়াসহ আশপাশের গ্রামগুলো জলাবদ্ধ হওয়ায় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিলের গোরশয়ালে হরি নদীর সংযোগ করে দিয়ে টিআরএম প্রকল্প শুরু করে। প্রকল্পের উদ্দেশ্য ছিল নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও নদীর পানি খুকশিয়ার বিলে ঢুকিয়ে পলি দিয়ে বিল উঁচু করা। প্রকল্পটি শুরু হলে হরি নদীর নাব্যতা ফিরে আসে ও খুকশিয়ার বিল উঁচুও হয়।তিন বছর এ প্রকল্প চলার কথা থাকলেও তা এখনো অব্যাহত রয়েছে। এতে এলাকার কৃষকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ, এ প্রকল্পের কারণে জমিতে কোনো আবাদ হয় না। তাঁরা দীর্ঘদিন কাটিং পয়েন্ট বন্ধের দাবি জানিয়ে এলেও পাউবো এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। অবশেষে বৃহস্পতিবার বিলপারের ১৩ গ্রামের কয়েক হাজার কৃষক ঢাক-ঢোল-কাঁসি বাজিয়ে গোরশয়াল পয়েন্ট বাঁশ ও গাছ কেটে মাটি দিয়ে বেঁধে ফেলার কাজ শুরু করেন। কানাইডাঙ্গা গ্রামের নেছার আলী আকুঞ্জি বলেন, ‘আট বছর ধরে বিলে ফসল হয় না। এখন আমাগের মরা-বাঁচার ব্যাপার, ছেলেমেয়েগের লেখাপড়া বন্ধ। আমরা নিঃস্ব। তাই পেটের তাগিদে আমরা স্বেচ্ছায় কাটিং পযেন্ট বন্ধ করে দিতে এসেছি।’ মান্দরা গ্রামের কৃষক আবদুল মজিদ বলেন, সরকারের ক্ষতিপূরণের টাকা কৃষকেরা পাননি। তাই বাঁধ না বেঁধে দেওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।কাটিং পয়েন্ট বেঁধে দেওয়ার জন্য এলাকাবাসী ১০১ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক সোলায়মান গাজী বলেন, ‘এ মাসের মধ্যেই বাঁধ বেঁধে দিতে পারব।’ এলাকায় গিয়ে দেখা যায়, এলাকার কয়েক হাজার কৃষক বাঁধ বাঁধার কাজ করছেন। কেউ গাছ কাটছেন, কেউ বাঁশ কেটে দিচ্ছেন, কেউ মাটি কেটে ঝুড়িতে করে ফেলছেন। আড়ুয়া গ্রামের শওকত বিশ্বাস বলেন, ‘নিজেরা উদ্যোগ নিয়ে এ কাজ করছি সামনের বোরো আবাদ করার জন্য।’পাউবোর একটি সূত্র জানায়, বিল খুকশিয়ার প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটি বন্ধ করে দিয়ে মনিরামপুর উপজেলার বিল কপালিয়ায় টিআরএম প্রকল্প শুরুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এলাকার কিছু মানুষের বাধার কারণে প্রকল্প শুরু করা যাচ্ছে না।যশোরে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, প্রকল্পের মেয়াদ চার বছর আগেই শেষ হয়েছে। কৃষকেরা এখন বেঁধে দিচ্ছেন, তাঁরাও বাধা দেবেন না। তিনি জানান, আরেকটি বিলে টিআরএম চালু করতে না পারলে হরি নদী ভরাট হয়ে এলাকা আবার জলাবদ্ধ হয়ে যাবে।নির্বাহী প্রকৌশলী মশিয়ার রহমান বলেন, ওই এলাকার মানুষ নিজেদের ক্ষতি করছেন। যেহেতু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তাঁরা বাধা দেবেন না। আর বিল কপালিয়ায় আগামী জুনের মধ্যে টিআরএম শুরু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।