কাটুই পোকা দমনে কৃষি বিভাগের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটুই পোকা দমনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি বিভাগ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে পাওয়ার স্প্রেয়ার যন্ত্র বিতরণ, বিষটোপ ও আলোক ফাঁদের মাধ্যমে পোকা দমন করা শুরু হয়েছে।
গত শুক্রবার প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর শাহজাদপুর উপজেলা পরিষদ ও কৃষি বিভাগ এসব কার্যক্রম শুরু করে।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জু আলম সরকার বলেন, আক্রান্ত জমিগুলোতে কাটুই পোকা নিধনে কীটনাশক ওষুধ ছিটানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ১৫টি পাওয়ার স্প্রেয়ার যন্ত্র পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ীসহ বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে গত শনিবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া চার দিন ধরে চালের কুড়া, নালি গুড় ও কীটনাশক ওষুধ ডার্সবান মিশিয়ে বিষটোপ তৈরি করে আক্রান্ত জমিতে ছিটিয়ে দেওয়া এবং পোকা নিধনের জন্য রাতের বেলায় জমিতে আলোক ফাঁদ পাতার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এগুলো ব্যবহার করায় পোকার উপদ্রব কমে এসেছে। একই সঙ্গে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য মাইকিং ও লিফলেট বিলি করে সতর্ক করা হচ্ছে। পোকা দমনে নতুন পদ্ধতির জন্য পরামর্শ চেয়ে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে চিঠি দেওয়া হয়। পরে ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুল আলম আগামীকাল সোমবার শাহজাদপুরে পরিদর্শনে আসবেন বলে নিশ্চিত করেছেন। কিছুদিনের মধ্যেই শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জরুরি ভিত্তিতে পাওয়ার স্প্রেয়ার যন্ত্রগুলো সংগ্রহ করে বিতরণ করা হয়েছে। পোকা দমনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।