কাঠ দিয়ে ইট পোড়াতে ভাটায় করাতকল

ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে ইট তৈরির বিধান নেই। অথচ সেই বিধান উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। শুধু তা-ই নয়, কাঠ চেরাই করতে ওই ভাটায় বসানো হয়েছে করাতকল। ভাটার মালিক এর জন্য বন বিভাগের কাছ থেকে অনুমতিও নেননি।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নেকমরদ-কাতিহারহাট সড়কের পাশে দক্ষিণ প্রায়াগপুর গ্রামে এসএ ব্রিকস নামের একটি ইটভাটায় ওই কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ভাটাটির মালিক আবদুল আজিজ নামে এক ব্যক্তি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দক্ষিণ প্রায়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজের মধ্যে ভাটাটি গড়ে তোলা হয়েছে। ভাটার মধ্যে থাকা করাতকলের চারপাশে কাঠের স্তূপ। সেই কাঠ চেরাই করে ভাটার চুল্লিতে দেওয়া হচ্ছে। ওই গ্রামের আবদুল জব্বার বলেন, বছর দুয়েক থেকে ভাটার মধ্যেই করাতকল বসিয়ে কাঠ চেরাই করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভাটায় কাঠ সরবরাহকারী এক ব্যবসায়ী বলেন, এসএ ব্রিকস বছরে ৩৫ থেকে ৪০ লাখ ইট তৈরি করে। বিপুলসংখ্যক ইট পোড়াতে তাদের ৫০ হাজার মণ কাঠের প্রয়োজন। এত কাঠ দূর থেকে আনতে গিয়ে মালিকদের অনেক সমস্যা হয়। এ কারণে তাঁরা ভাটায় করাতকল বসিয়েছেন।
ভাটার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে ভাটার ব্যবস্থাপক হযরত আলী বলেন, তাঁরা সব ইট কাঠ দিয়ে পোড়ান না। কিছু ক্ষেত্রে ইট পোড়াতে কাঠের প্রয়োজন হয়। ওই কাঠ চেরাই করার জন্য ভাটায় করাতকলটি বসানো হয়েছে।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘করাতকল বসানোর জন্য বন বিভাগের অনুমতি লাগে। ওই করাতকল বসাতে কেউ আমাদের অনুমতি নেয়নি। এ ছাড়া বন বিভাগ কখনো এ অনুমতি দেবে না।’
পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক মেজবাউল আলম বলেন, এসএ ব্রিকস নামের কোনো ইটভাটাকে ছাড়পত্র দেওয়া হয়নি। ওই ভাটাটি অবৈধভাবে চলছে। এ ছাড়া ভাটায় কাঠ পোড়ানোর বিধানও নেই। ভাটার মালিক ভাটার মধ্যে করাতকল বসিয়ে দণ্ডনীয় অপরাধ করেছেন।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, এসএ ব্রিকসে কাঠ চেরাইয়ের জন্য যে করাতকল বসানো হয়েছে, তা তিনি জানেন না। তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।