কাঠ পাচার করেছে বনদস্যুরা, আটক হয়েছে হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠ পাচার করেছে বনদস্যুরা। আটক হয়েছে হাতি। মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানের কুচাই ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ওই এলাকায় কেটে রাখা চামগাছের কয়েকটি টুকরো গত ৪ মার্চ রাতে বনদস্যুরা হাতি দিয়ে টেনে নিয়ে ট্রাকযোগে অন্যত্র পাচার করে। এ ঘটনায় বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম বাদী হয়ে গোয়ালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের শফিক উদ্দিনের পোষা হাতির মাহুত বদই মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা পরে আদালতের মাধ্যমে জামিন নেন। পুলিশ হাতিটি আটক করার চেষ্টা চালিয়ে আসছিল।পুলিশ জানায়, গত সোমবার ওই হাতিটি মালিকদের একপক্ষের লোকজন ট্রাকযোগে অন্যত্র পাঠানোর চেষ্টা চালায়। এ সময় অপর পক্ষের লোকজন পুলিশকে তা জানালে পুলিশ ট্রাকসহ হাতিটি আটক করে। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত হাতিটি উপজেলা পরিষদ কার্যালয়ের চত্বরে ট্রাকে আটকা ছিল।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ‘অবৈধ কাঠ পাচারের কাজে ব্যবহূত হওয়ায় হাতিটি আটক করা হয়। হাতির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ জন্য হাতিটিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের জিম্মায় দিয়েছি।’ জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার জানান, হাতি পোষার ক্ষেত্রে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে মালিকদের অনুমতিপত্র নিতে হয়। কিন্তু জুড়ীতে বাচ্চাসহ পাঁচটি পোষা হাতির মালিকদের কারও এমন অনুমতিপত্র নেই। তিনি জানান, জোর করে ট্রাকে ওঠানোর সময় হাতিটির মুখে চোট লেগে জখম হয়েছে। এখন এর চিকিৎসা দরকার। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।হাতির মালিক বলে দাবি করা এক পক্ষের শফিক উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।অন্য পক্ষের আনোয়ারুননেছার ছেলে মতিউর রহমান বলেন, হাতিটি দীর্ঘদিন ধরে তাঁর মামাদের (শফিক উদ্দিন ও তাঁর অন্য ভাইয়েরা) দখলে ছিল। এটিকে লুকিয়ে অন্যত্র পাঠানোর চেষ্টা করায় তাঁরা বাধা দেন।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, দুই দিন ধরে প্রখর রোদে হাতিটি খাবারের অভাবে খুবই কষ্ট পাচ্ছিল। তাই এটিকে নিজের জিম্মায় আনতে আগ্রহ দেখালে ওসি সম্মতি দেন।