মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চোরাই কাঠ উদ্ধার অভিযানের সময় বারবার চোরাকারবারিদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে জানান বন কর্মকর্তারা।উপজেলার রাজকান্দি বন রেঞ্জের সহকারী কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ১২ জানুয়ারি প্রায় ২০ ঘনফুট চোরাই সেগুন কাঠ আটক করা হয়। এ সময় বনদস্যুদের হামলায় তিনিসহ কয়েকজন আহত হন।সুলতানুল আলম বলেন, তিনি হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি নথিভুক্ত না করায় ১৭ জানুয়ারি তিনি আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি এজাহারভুক্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।সুলতানুল আলম বলেন, ২৯ জানুয়ারি তিনি রাজকান্দি বন রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমকে সঙ্গে নিয়ে ভানুগাছ বাজার এলাকা থেকে প্রায় ২২ ঘনফুট কাঠ আটক করেন। এসব কাঠ নিয়ে রেঞ্জ কার্যালয়ে ফেরার পথে চোরাকারবারিরা তাঁদের মারধর করে কাঠ ছিনিয়ে নেয়। ওই দিন রাতে তিনি সাতজনের নাম উল্লেখ করে আবারও থানায় একটি লিখিত অভিযোগ করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, দুটি অভিযোগই এজাহারভুক্ত হয়েছে। পুলিশ তার নিজস্ব গতিতে কাজ করছে।