কাঠ পাচারকালে ট্রাক উল্টে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে লাল আওয়ালগাছ কেটে পাচারকালে ট্রাক উল্টে গাছের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ভোরে উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাঘরাবাড়ী নাম স্থানে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: কমলগঞ্জ সদর ইউনিয়নের ছতিয়া গ্রামের হায়দর মিয়া (২৫), বাদে উবাহাটা গ্রামের বাছিত মিয়া (৩২) ও একই গ্রামের এরশাদ মিয়া (২২)। আহত ব্যক্তিরা হলেন: বাদে উবাহাটা গ্রামের খলিল মিয়া (২৭), ছতিয়া গ্রামের জসিম মিয়া (১৭), বাদে উবাহাটা গ্রামের মোহাম্মদ আলী (৪৯), ছতিয়া গ্রামের আলমাছ মিয়া (৩২), কালাছড়া গ্রামের রিপন মিয়া (২০), ফিরোজ মিয়া (২৮) ও হাসেম মিয়া। আহত ট্রাকচালক শাবাজ মিয়া ও অন্য একজন আত্মগোপনে রয়েছেন। লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) কে এম আজহারুল ইসলাম ও লাউয়াছড়া বন বিটের কর্মকর্তা (বন্য প্রাণী) মোহাম্মদ শাহজাহান বলেন, ভোরে একসঙ্গে দুই দল বনদস্যু উদ্যানের অক্সিডেন্টাল গেট দিয়ে ভেতরে ঢুকে বড় আকারের একটি লাল আওয়াল গাছ কেটে টুকরো করে ট্রাকে তুলছিল। খবর পেয়ে বনকর্মীরা ধাওয়া করলে ট্রাকের ওপর গাছের পাঁচটি টুকরো তুলে দ্রুত পালাতে গিয়ে বাঘড়াবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় গাছের খণ্ডাংশের চাপায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অপর আহত ব্যক্তিরা নিজেদের উদ্যোগে সিএনজি অটোরিকশাযোগে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন। খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রাকের মালিক কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হান্নান। তিনি জানান, চালক নিজ উদ্যোগে ভোরে কাঠ পাচারের ভাড়া নিয়েছিল। আহত বনদস্যু মোহাম্মদ আলী জানান, হুরুদ মিয়া ও তাঁর ভাই সোলেমান হোসেন গাছ পাচার করতে এসে দুর্ঘটনায় পড়েন।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।